চট্টগ্রাম বন্দর

৩৪ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল আরো এক জাহাজ

মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত অনিশ্চয়তার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরো একটি ডিজেলবাহী জাহাজ।

‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের জাহাজটি গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভেড়ে। এ জ্বালানি সরবরাহ করেছে সিঙ্গাপুরভিত্তিক ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এর আগে ওইদিন বেলা ২টার দিকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরো একটি জাহাজ আসে, সেটিও সিঙ্গাপুর থেকে ইউনিপ্যাকের মাধ্যমে সরবরাহ করা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত তেল খালাস করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। এতে বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। ফলে নির্ধারিত সময়ে কয়েকটি জাহাজ দেশে পৌঁছতে পারেনি। এ পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।

বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন বণিক বার্তাকে বলেন, ‘সর্বশেষ জাহাজটি এরই মধ্যে দেশে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী খালাস কার্যক্রম সম্পন্ন করা হবে।’

আরও