গ্রামীণফোনের ৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৫৯ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৫৯ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসেবে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ১৩ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ১৫ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫ টাকা ৫৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৭৭ পয়সায়।

২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের আয় হয়েছে ৮ হাজার ১৫৫ কোটি ৯৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ হাজার ৭৩৫ কোটি ৬০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ১৯৯ কোটি ৪৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৯৭৩ কোটি ৪৮ লাখ টাকা।

২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে ইপিএস হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ২২ টাকা ২৯ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা ২২ পয়সা।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর আগে ২০২৩ হিসাব বছরে গ্রামীণফোন বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে।

গ্রামীণফোনের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৫১০ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৯০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৬ দশমিক ৩১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৯৮ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ২ দশমিক ৭১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার গ্রামীণফোনের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৩১ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২২১ থেকে ৩৮৭ টাকার মধ্যে ওঠানামা করেছে।

আরও