স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ২৫ শতাংশ শুল্কের প্রতিক্রিয়ায় ব্রাজিল কোনো পাল্টা ব্যবস্থা নেবে না। এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দ্রে পদিলা। খবর আনাদোলু।
গত সোমবার ট্রাম্প বিশ্বব্যাপী স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি জানান, দেশীয় শিল্প ও মার্কিন উৎপাদকদের সুরক্ষা দিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এর পরদিনই বাণিজ্যযুদ্ধে না জড়ানোর ঘোষণা দেয় ব্রাজিল।
কানাডা ও মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অন্যতম শীর্ষস্থানীয় স্টিল সরবরাহকারী ব্রাজিল। রাজধানী ব্রাসিলিয়ায় নতুন মেয়রদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী পদিলা জানান, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নেতৃত্বাধীন ফেডারেল সরকার ২৫ শতাংশ শুল্কের প্রতিক্রিয়ায় পদক্ষেপ নেয়ার বিষয়ে এখনো আলোচনা করেনি। তবে তিনি নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ ব্রাজিলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট লুলা সবসময় খুব স্পষ্টভাবে বলেছেন এবং অন্যান্য দেশও তাই বলেছে, বাণিজ্যযুদ্ধ কারোর জন্যই ভালো নয়। সাম্প্রতিক বছরে বিশ্ব বাণিজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বিভিন্ন দেশের মধ্যে সংলাপের মাধ্যম তৈরি, মুক্ত বাণিজ্যের শক্তিশালীকরণ এবং এ বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ভূমিকা নির্ধারণ করা।’
অবশ্য গত ৩১ জানুয়ারি প্রেসিডেন্ট লুলা সতর্ক করেছিলেন যে যদি ট্রাম্প ব্রাজিলের রফতানির ওপর শুল্ক আরোপ করেন, তবে তারা পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যে শুল্ক আরোপ করবে। এখন পদিলার মন্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে, ব্রাজিল কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে চায় এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘর্ষে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে আগ্রহী।