নিম্নমুখী হয়ে উঠেছে স্বর্ণের বাজারদর

মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম কিছুটা কমেছে।

মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম কিছুটা কমেছে। তবে বিনিয়োগকারীরা এখনো সতর্কভাবে বাজার পর্যবেক্ষণ করছেন। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ফেডারেল রিজার্ভের (ফেড) শীর্ষ একটি পদে নতুন নিয়োগের ঘোষণা দেবেন। এ নিয়োগ ফেডের আর্থিক নীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম কমেছে দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্স স্বর্ণের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৩৬২ ডলার ৫৪ সেন্টে। এ সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি পৌঁছেছে ৩ হাজার ৪১৭ ডলার ৩০ সেন্টে।

মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড টানা চারদিন কমার পর আবার বেড়েছে। ইল্ড বাড়লে বিনিয়োগকারীদের মধ্যে সুদযুক্ত বিনিয়োগের আকর্ষণ সাধারণত বেড়ে যায়। তখন তারা সুদমুক্ত বিনিয়োগ স্বর্ণে অর্থব্যয় করা কমিয়ে দেন। এতে দাম কমে যায় মূল্যবান ধাতুটির।

অ্যাক্টিভট্রেডসের সিনিয়র বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ‘বিনিয়োগকারীরা এখন হোয়াইট হাউজের ফেডে নতুন নিয়োগ ও বাণিজ্যসংক্রান্ত খবর সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। এসব বিষয় বাজারের দিকনির্দেশনা ও বিনিয়োগকারীদের আস্থার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।’

ট্রাম্প জানিয়েছেন, ফেডের বোর্ডে শিগগিরই শূন্য পদে প্রার্থী মনোনীত করবেন তিনি। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের উত্তরসূরি হিসেবে সম্ভাব্য চারজন প্রার্থীর তালিকাও চূড়ান্ত করেছেন ট্রাম্প।

ফেডের নীতিনির্ধারণে সেপ্টেম্বরে সুদহার কমানোর সম্ভাবনা এখন ৮৬ শতাংশে দাঁড়িয়েছে বলে সিএমই ফেডওয়াচের তথ্য জানিয়েছে। এর পেছনে প্রধান কারণ গত শুক্রবারের দুর্বল কর্মসংস্থান প্রতিবেদন। এ তথ্য প্রকাশের পর ট্রাম্প মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রধানকে বরখাস্ত করেছেন, যা নীতি অনিশ্চয়তা আরো বাড়িয়েছে।

এদিকে বাণিজ্য উত্তেজনাও অব্যাহত রয়েছে। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় ভারত থেকে পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে চলেছেন ট্রাম্প।

তবে ইভানজেলিস্তার মতে, স্বর্ণের দাম শিগগিরই আবারো বাড়তে পারে। শুল্ক উত্তেজনা, প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং ডলারের দুর্বল বিনিময় হার স্বর্ণের চাহিদা বাড়াবে। তিনি স্বল্পমেয়াদে স্বর্ণের দাম ৩ হাজার ৪০০ ডলারে পৌঁছতে পারে বলে মনে করছেন।

অস্ট্রেলিয়ার সরকারি মূল্যবান ধাতু পরিশোধন ও মুদ্রা প্রস্তুতকারক পার্থ মিন্ট জানিয়েছে, তাদের স্বর্ণপণ্য বিক্রি আগের মাসের তুলনায় ৩৩ শতাংশ কমেছে। একই সময়ে রুপা বিক্রি ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

স্পট মার্কেটে গতকাল রুপার দাম দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩৭ ডলার ৮০ সেন্টে। প্লাটিনামের দাম দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে আউন্সপ্রতি ১ হাজার ৩২১ ডলার ৮৬ সেন্টে এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৩ শতাংশ কমে স্থির হয়েছে ১ হাজার ১৭১ ডলার ৪৭ সেন্টে।

আরও