শিল্প খাতে ব্যবহৃত প্লাস্টিকের ওপর শুল্ক আরোপ চীনের

শিল্প খাতে ব্যবহৃত প্লাস্টিকের ওপর শুল্ক আরোপ করেছে চীন।

শিল্প খাতে ব্যবহৃত প্লাস্টিকের ওপর শুল্ক আরোপ করেছে চীন। গত রোববার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও তাইওয়ান থেকে আমদানীকৃত ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক পিওএম কোপলিমারের ওপর সর্বোচ্চ ৭৪ দশমিক ৯ শতাংশ পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। খবর সিএনএন

বিদ্যুচ্চালিত গাড়ি, কম্পিউটার চিপ ও অন্যান্য পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ার পরপরই গত বছরের মে মাসে তদন্ত শুরু করে চীন। সে অনুযায়ী নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

পিওএম কোপলিমার তামা ও দস্তার বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এটি গাড়ির যন্ত্রাংশ, ইলেকট্রনিকস ও চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়।

গত জানুয়ারিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তদন্তে ডাম্পিংয়ের প্রমাণ পাওয়া গেছে। তাই ২৪ জানুয়ারি থেকে অস্থায়ী অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থা হিসেবে শুল্ক ধার্য করা হয়েছিল।

গত রোববারের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের ওপর সর্বোচ্চ ৭৪ দশমিক ৯ শতাংশ অ্যান্টি-ডাম্পিং শুল্ক ধার্য করা হয়। ইইউয়ের ক্ষেত্রে ৩৪ দশমিক ৫ শতাংশ ও জাপানের ক্ষেত্রে ৩৫ দশমিক ৫ শতাংশ। তবে জাপানের আসাহি কাসেই করপোরেশনের জন্য আলাদা হার ২৪ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তাইওয়ানের আমদানীকৃত পিওএম কোপলিমানের ওপর সাধারণভাবে ৩২ দশমিক ৬ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। তবে ফরমোসা প্লাস্টিকসের জন্য ৪ শতাংশ ও পলিপ্লাস্টিকস তাইওয়ানের জন্য ৩ দশমিক ৮ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।

আরও