২০২৫-২৬ বিপণন বর্ষ

উৎপাদন কমলেও ব্রাজিল থেকে ভুট্টা রফতানি বাড়ার সম্ভাবনা

ব্রাজিলে ২০২৫-২৬ বিপণন বর্ষে ভুট্টা উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ২ শতাংশ কমতে পারে।

ব্রাজিলে ২০২৫-২৬ বিপণন বর্ষে ভুট্টা উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ২ শতাংশ কমতে পারে। তবে এর আগের বিপণন বর্ষে ঊর্ধ্বমুখী উৎপাদনের কারণে খাদ্যশস্যটির মজুদ এখনো বেশি। তাই চলতি বিপণন বর্ষে ব্রাজিল থেকে ভুট্টা রফতানি বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

এফএএসের হালনাগাদ পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে (মার্চ ২০২৬-ফেব্রুয়ারি ২০২৭) ব্রাজিলের ভুট্টা উৎপাদন ১৩ কোটি ৩০ লাখ টনে নেমে আসতে পারে। আগের বিপণন বর্ষে দেশটিতে খাদ্যশস্যটি উৎপাদনের পরিমাণ ছিল ১৩ কোটি ৬০ লাখ টন। এছাড়া তিন মৌসুম মিলিয়ে ভুট্টার আবাদযোগ্য জমির পরিমাণ ধরা হয়েছে ২ কোটি ২৬ লাখ হেক্টর।

প্রতিবেদনে আরো জানানো হয়, ২০২৫ সালে ব্রাজিলের প্রধান ভুট্টা উৎপাদনকারী রাজ্যগুলোয় আবহাওয়া অনুকূল থাকায় উৎপাদনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা দেয়। তবে ২০২৬ সালে লা নিনা আবহাওয়ার প্রভাবে উৎপাদন কমতে পারে। এ পরিস্থিতিতে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে অতিবৃষ্টি ও দক্ষিণাঞ্চলে অপেক্ষাকৃত শুষ্ক অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা ফলনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নভেম্বরের শেষ নাগাদ ব্রাজিলে প্রথম মৌসুমের ভুট্টার প্রায় তিন-চতুর্থাংশ জমিতে বপন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এফএএস। তবে ওই সময় অতিবৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির মতো প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে কৃষকদের। উচ্চমূল্যের কারণে দ্বিতীয় মৌসুমের ভুট্টার আবাদ বাড়ছে, যা মোট উৎপাদনের প্রায় ৭৯ শতাংশ জোগান দেয়।

এফএএস ২০২৫-২৬ বিপণন বর্ষে ব্রাজিলের ভুট্টা রফতানির পূর্বাভাস অপরিবর্তিত রেখে ৪ কোটি ৩০ লাখ টনে স্থিতিশীল রেখেছে। এটি আগের বিপণন বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। এ মৌসুমে প্রারম্ভিক মজুদ ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ টন, যা ২০২৪-২৫ মৌসুমের ৮৩ লাখ টনের তুলনায় বেশি।

২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ব্রাজিল সবচেয়ে বেশি ভুট্টা রফতানি করেছে ইরানে। এ সময় দেশটি ব্রাজিল থেকে ৭৪ লাখ টনের বেশি ভুট্টা আমদানি করেছে, যা মোট রফতানির ২১ শতাংশ। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ছিল মিসর। দেশটির আমদানির পরিমাণ ছিল ৬৫ লাখ টন।

২০২৫-২৬ বিপণন বর্ষে ব্রাজিলের মোট ভুট্টা ব্যবহার ৯ কোটি ৬৫ লাখ টনে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এটি আগের মৌসুমের ৯ কোটি ৪৫ লাখ টনের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি। ইথানল ও পশুখাদ্য শিল্পে ঊর্ধ্বমুখী চাহিদা এ সময় খাদ্যশস্যটির ব্যবহার বাড়ার পেছনে ভূমিকা রাখবে।

আরও