উচ্চমূল্যের কারণে ভারতে আবারো কমছে স্বর্ণের চাহিদা

বিশ্ববাজারে বর্তমানে রেকর্ড সর্বোচ্চ দামে স্বর্ণ বেচাকেনা হচ্ছে। বাড়তি মূল্য ছাড়াও অর্থবছরের শেষদিকে গহনা ব্যবসায়ীরা নতুন কেনাকাটায় অনাগ্রহী।

বিশ্ববাজারে বর্তমানে রেকর্ড সর্বোচ্চ দামে স্বর্ণ বেচাকেনা হচ্ছে। বাড়তি মূল্য ছাড়াও অর্থবছরের শেষদিকে গহনা ব্যবসায়ীরা নতুন কেনাকাটায় অনাগ্রহী। এ কারণে চলতি সপ্তাহেও ভারতে নিম্নমুখী ছিল স্বর্ণের চাহিদা। খবর রয়টার্স।

কলকাতার পাইকারি ব্যবসায়ী জেজে গোল্ড হাউজের হর্ষদ আজমেরা বলেন, ‘গহনা ব্যবসায়ীরা অর্থবছরের হিসাব গুছিয়ে নিচ্ছেন। তাই তারা বর্তমানে নতুন করে স্বর্ণ কেনার কথা ভাবছেন না।’ উল্লেখ্য, ভারতে ৩১ মার্চ চলতি অর্থবছর শেষ হওয়ার কথা রয়েছে।

শুক্রবার ভারতে অভ্যন্তরীণভাবে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল প্রায় ৮৫ হাজার ৮৬০ রুপি। গত মাসে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি সর্বোচ্চ ৮৬ হাজার ৫৯২ রুপিতে পৌঁছেছিল। এছাড়া দেশটির ডিলাররা চলতি সপ্তাহে সরকারিভাবে নির্ধারিত মূল্যের তুলনায় প্রতি আউন্সে ১০-২১ ডলার পর্যন্ত ছাড় দিয়েছেন। গত সপ্তাহে এ ছাড়ের পরিমাণ ছিল আউন্সে ১২-২৭ ডলার পর্যন্ত।

বুলিয়ন আমদানিকারক ব্যাংকের সঙ্গে যুক্ত মুম্বাইভিত্তিক এক ডিলার বলেন, ‘ভারতের বাজারে স্বর্ণের সরবরাহ সীমিত। কারণ ব্যাংকগুলো আমদানি কমিয়েছে।’

অন্যদিকে সিঙ্গাপুরে প্রতি আউন্স স্বর্ণে ৫০ সেন্ট ছাড় ও ৩ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করে বেচাকেনা হচ্ছে। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, ‘যতক্ষণ বাজার অস্থিস্থিতিশীল থাকবে, ততক্ষণ কিছু গ্রাহক কেনাকাটা অব্যহত রাখতে পারেন। যদিও চাহিদা আগের সপ্তাহের তুলনায় কম।’

শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে স্পট মূল্যের তুলনায় প্রতি আউন্স স্বর্ণের লেনদেন হচ্ছে ১ ডলার ছাড় থেকে ৩ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করে। এ বিষয়ে উইং ফাং প্রিশিয়াস মেটালসের হেড অব ডিলিং পিটার ফাং বলেন, ‘‌চীনে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য স্বর্ণ বেচাকেনা হচ্ছে। কারণ বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এর বাজার সম্ভাবনা ঊর্ধ্বমুখী।’

এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক টানা চতুর্থ মাসের মতো স্বর্ণ ক্রয় অব্যাহত রেখেছে। জানা গেছে, দেশটিতে মূল্যবান ধাতুটির রিজার্ভ ফেব্রুয়ারির শেষে ৭ কোটি ৩৬ লাখ ১০ হাজার ফাইন ট্রয় আউন্সে পৌঁছেছে।

হংকংয়ে ডিলাররা প্রতি আউন্সে ২ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করে বেচাকেনা করছেন। এক ব্যবসায়ী জানিয়েছেন, চলতি সপ্তাহে জাপানে প্রতি আউন্সে ৫ ডলার ছাড় থেকে ১ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করে স্বর্ণ বেচাকেনা করা হচ্ছে।

আরও