২০২৬ সালের শেষ ভাগে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারের কোটায় নেমে আসতে পারে। পূর্বাভাসটি দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। আগামী বছর বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়ায় জ্বালানি পণ্যটির দাম কমতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) থেকে ২০২৬ সালের চতুর্থ প্রান্তিক পর্যন্ত দৈনিক গড় সরবরাহ ১৮ লাখ ব্যারেল বাড়বে। এতে ২০২৬ সালের শেষ নাগাদ জ্বালানি তেলের বৈশ্বিক মজুদ প্রায় ৮০ কোটি ব্যারেল বাড়বে। এছাড়া ওইসিডিভুক্ত দেশগুলোয় চাহিদা কমে যাওয়ায় ব্রেন্টের দাম বর্তমানের তুলনায় আরো কমে আসবে।
তবে চীনে জ্বালানি তেলের মজুদ বৃদ্ধির হার বেড়ে গেলে ২০২৬ সালে ব্রেন্টের গড় মূল্য ব্যারেলপ্রতি ৬২ ডলারে উন্নীত হতে পারে, যা গোল্ডম্যান স্যাকসের আগের পূর্বাভাসের চেয়ে ৬ ডলার বেশি।
গতকাল এশিয়ার বাজারে ব্রেন্ট ব্যারেলপ্রতি ৬৭ ডলারে এবং মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৬৩ ডলারে বিক্রি হয়েছে।