‘প্রাইম নাউ’-এর সঙ্গে নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড

প্রাইম ব্যাংক পিএলসির ডিজিটাল সেবা প্লাটফর্ম ‘প্রাইম নাউ’-এর সঙ্গে যৌথভাবে দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে মাস্টারকার্ড।

ডিজিটাল লেনদেনে নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরো জোরদার করতেই কার্ডটি উন্মোচন করা হয়েছে।

মাস্টারকার্ড গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘প্রাইম নাউ’ মাস্টারকার্ডে কোনো কার্ড নম্বর ও সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে না। ফলে কপি, স্কিমিং বা সরাসরি দেখে কার্ডের তথ্য সংগ্রহের ঝুঁকি থাকে না। দৃশ্যমান সংবেদনশীল তথ্য না থাকায় শোল্ডার সার্ফিং এবং প্রচলিত জালিয়াতির ঝুঁকিও কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হয়; যা দেশে পেমেন্ট নিরাপত্তায় নতুন উচ্চতা যোগ করেছে।

কার্ডের সব তথ্য ‘প্রাইম নাউ’ অ্যাপে নিরাপদে সংরক্ষিত থাকে, যেখানে রয়েছে বহুস্তরের অথেনটিকেশন ও ঐচ্ছিক বায়োমেট্রিক সুরক্ষা। ফলে কার্ডধারীরা মোবাইল ফোন থেকেই অনলাইন লেনদেনের জন্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে ও ব্যবহার করতে পারেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নতুন ডেবিট কার্ডটিতে রয়েছে অ্যাপভিত্তিক পূর্ণ নিয়ন্ত্রণের সুবিধা—নিরাপদ কিউআর-ভিত্তিক অ্যাক্টিভেশন, ব্যয়ের সীমা নির্ধারণ, অ্যাকসেস ব্যবস্থাপনা এবং ডিজিটাল রি-ইস্যু। এমনকি কার্ডটি হারিয়ে গেলেও এতে ব্যবহারযোগ্য কোনো তথ্য না থাকায় এর অননুমোদিত ব্যবহার সম্ভব নয়।

এ কার্ডের মাধ্যমে দেশজুড়ে মাস্টারকার্ডের ১০ হাজারের বেশি পার্টনার মার্চেন্টে সারা বছর বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। আধুনিক ও মিনিমাল ডিজাইনের এ কার্ডে গ্রাহকরা পছন্দমতো ডিজাইন নির্বাচন, নিজের নাম যুক্তকরণ এবং এক ট্যাপেই ই-কমার্স সুবিধা চালু করতে পারবেন।

কার্ডটি চালু প্রসঙ্গে প্রাইম ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘আমরা প্রচলিত ধারার বাইরে এসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি। এ কার্ডে কোনো দৃশ্যমান তথ্য না থাকায় চোখে দেখে তথ্য চুরির ঝুঁকি দূর হয়েছে। অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে এতে আনা হয়েছে আধুনিক ও মার্জিত নকশা এবং ‘প্রাইম নাউ’ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের হাতে দেয়া হয়েছে পূর্ণ নিয়ন্ত্রণ।’

তিনি আরো বলেন, ‘এটি শুধু একটি কার্ড নয়; এটি ডিজিটাল-ফার্স্ট জীবনধারার পথে বড় পদক্ষেপ। বাধ্যতামূলক প্রক্রিয়ার পরিবর্তে আমরা গ্রাহকদের স্বাধীন পছন্দকে গুরুত্ব দিচ্ছি।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘নম্বরবিহীন ডেবিট কার্ডের উন্মোচন দেশের ডিজিটাল পেমেন্ট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্রাহকরা এখন আরো বেশি গোপনীয়তা ও সহজ নিয়ন্ত্রণ চান আর নম্বরবিহীন প্রযুক্তি লেনদেনকে আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।’

আরও