মালয়েশীয় পাম অয়েলের দরবৃদ্ধি অব্যাহত

বিনিয়োগকারীদের শর্ট কভারিংয়ের প্রভাবে গত শুক্রবার ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে।

বিনিয়োগকারীদের শর্ট কভারিংয়ের প্রভাবে গত শুক্রবার ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। এছাড়া চার সপ্তাহের পতনের পর প্রথমবারের মতো সপ্তাহ ভিত্তিতে ভোজ্যতেলটির বাজারদরে উত্থান দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে অপরিশোধিত পাম অয়েলের দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৪ হাজার ৪৪৮ রিঙ্গিতে (১ হাজার ৫৫ ডলার ২৮ সেন্ট)। এটি আগের দিনের তুলনায় ২ রিঙ্গিত বা দশমিক শূন্য ৪ শতাংশ বেশি। এছাড়া সপ্তাহজুড়ে চুক্তিটির দাম বেড়েছে ১ দশমিক ৩৬ শতাংশ।

কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘টানা তৃতীয় দিনের মতো অপরিশোধিত পাম অয়েলের দাম বেড়েছে, যা মূলত শর্ট কভারিংয়ের ফল।’

উল্লেখ্য, যখন কোনো ব্যবসায়ী মনে করেন, কোনো পণ্যের দাম কমবে, তখন তিনি হাতে পণ্যটির মজুদ না থাকা সত্ত্বেও তা অগ্রিম বিক্রি করে দেন। এক্ষেত্রে ভবিষ্যতে আরো কম দামে পণ্যটি কিনে ক্রেতাকে সরবরাহের মাধ্যমে মনাফা করার প্রত্যাশা থাকে তার। এমন পরিস্থিতিকে বলা হয় শর্ট সেলিং। কিন্তু পরবর্তী সময়ে দাম কমার বদলে যদি বাড়ার সম্ভাবনা দেখা দেয়, তখন ক্ষতির হাত থেকে বাঁচতে সে পণ্যটি আবার কিনে নেন তিনি। অগ্রিম বিক্রিত পণ্য এভাবে পুনরায় নেয়াকেই বলা হয় শর্ট কভারিং। বাজারে এ প্রবণতা বৃদ্ধি পেলে ক্রয়চাপ বেড়ে সংশ্লিষ্ট পণ্যের দামও বেড়ে যায়।

আরও