দিনাজপুরের হিলিসহ দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে সম্প্রতি আদা আমদানি বেড়েছে। সরবরাহ বৃদ্ধির কারণে কমে এসেছে মসণাপণ্যটির দাম। গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আদা ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১৫০-১৬০ টাকা। সে অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে ৪০-৫০ টাকা।
হিলি বাজারের আদা বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘এর আগে ভারতের বাজারে আদার দাম বেড়ে গিয়েছিল। ফলে পণ্যটির আমদানি কমিয়েছিলেন দেশের ব্যবসায়ীরা। এতে সে সময় দাম কিছুটা বেড়ে গিয়েছিল। তবে সম্প্রতি আবারো ভারতে আদার দাম কিছুটা কমে এসেছে। এতে আবারো স্থলবন্দর দিয়ে আমদানি বেড়েছে।’
তিনি আরো বলেন, ‘বন্দর থেকে কম দামে কিনতে পারায় তার সঙ্গে সামঞ্জস্য রেখে আদা বিক্রি করতে পারছি। আমদানির এ ধারা অব্যাহত থাকলে সামনে দাম আরো কমে আসতে পারে।’