ফ্রান্স-যুক্তরাজ্যের তুলনায় দ্রুত প্রতিরক্ষা ব্যয় বাড়াবে জার্মানি

আগামী চার বছরের মধ্যে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিতে ফ্রান্স ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে যাবে ইউরোপের বৃহত্তম দেশ।

আগামী চার বছরের মধ্যে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিতে ফ্রান্স ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে যাবে ইউরোপের বৃহত্তম দেশ। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ দেশটির প্রতিরক্ষা বিভাগে পুনর্গঠনের অংশ হিসেবে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ ব্যয় করবেন। খবর রয়টার্স।

২০২৯ সাল নাগাদ প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিতে জার্মানি প্রায় ৪২ হাজার ৮০০ কোটি ডলার বা ৪০ হাজার কোটির ইউরো ঋণ নেয়ার পরিকল্পনা করছে। আগামী সপ্তাহের ন্যাটো সম্মেলনের আগেই এ ঘোষণার মাধ্যমে অঞ্চলটিতে শক্ত বার্তা দিতে চাইছেন ফ্রিডরিখ মের্জ।

স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে প্রতিরক্ষা খাতে জার্মানির ব্যয় বরাবরই কম ছিল। তবে গত বছর প্রথমবার ন্যাটোর নির্ধারিত জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করে দেশটি। ইউক্রেনে রুশ আক্রমণের পরিপ্রেক্ষিতে সাবেক চ্যান্সেলরের তৈরি বিশেষ তহবিলের মাধ্যমে এ লক্ষ্য পূরণ করা সম্ভব হয়েছে।

চলতি বছরের খসড়া বাজেটে জার্মানি প্রতিরক্ষা ব্যয় ধরেছে ১০ হাজার ১৬৫ কোটি ডলার বা ৯ হাজার ৫০০ ইউরো। ২০২৯ সালের বাজেট কাঠামোয় বরাদ্দ বেড়ে ১৭ হাজার ৩৩৪ কোটি ডলার বা ১৬ হাজার ২০০ কোটি ইউরো হবে।

জার্মান মন্ত্রিসভা গতকাল ২০২৫ সালের খসড়া বাজেট এবং ২০২৬ সালের বাজেট কাঠামো অনুমোদন করে। ২০২৫ সালে সামগ্রিকভাবে বিনিয়োগ দাঁড়াবে ১২ হাজার ৩৪০ কোটি ডলার বা ১১ হাজার ৫৭০ কোটি ইউরো এবং ২০২৬ সালে ১৩ হাজার ২২৫ কোটি ডলার বা ১২ হাজার ৩৬০ কোটি ইউরো।

টানা দুই বছর ধরে জার্মানির অর্থনীতি স্থবির থাকার পর এবং চলতি বছরও স্থবিরতার পূর্বাভাস থাকায় নতুন সরকার অর্থনীতিকে চাঙা করতে ব্যাপক বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে।

আরও