জুলাই-সেপ্টেম্বর

শীর্ষ মার্কিন ব্যাংকগুলোর নিট মুনাফা বেড়েছে

২০২৪ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে মার্কিন শীর্ষ ব্যাংকগুলোর।

২০২৪ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে মার্কিন শীর্ষ ব্যাংকগুলোর। জেপি মরগান চেজ, সিটিগ্রুপ, গোল্ডম্যান স্যাকস ও ওয়েলস ফারগোর সর্বশেষ আর্থিক প্রতিবেদন থেকে এ বিষয়ে বিস্তারিত জানা গেছে। খবর আনাদোলু।

সদ্য সমাপ্ত তৃতীয় প্রান্তিকে জেপি মরগান চেজের আয় ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১০ কোটি ডলারে। একই সময়ে নিট মুনাফা ১২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ২৯০ কোটি ডলার। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ ডলার ৩৭ সেন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ ডলার ৭ সেন্টে।

জেপি মরগান চেজের সিইও জেমি ডাইমন এক বিবৃতিতে বলেন, ‘বাজারে গ্রাহক কার্যক্রম এবং ঋণ চাহিদা বাড়ায় ব্যাংক উপকৃত হয়েছে। তৃতীয় প্রান্তিকে বাজারসংশ্লিষ্ট আয় রেকর্ড প্রায় ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘কর্মসংস্থানে কিছু দুর্বলতার লক্ষণ দেখা গেলেও মার্কিন অর্থনীতি এখনো দৃঢ় রয়েছে। পাশাপাশি ভূরাজনৈতিক অনিশ্চয়তা, শুল্ক ও বাণিজ্য-সংক্রান্ত ঝুঁকি, উচ্চ সম্পদমূল্য ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির আশঙ্কা এখনো উদ্বেগের কারণ হিসেবে রয়ে গেছে।’

সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে সিটিগ্রুপের নিট মুনাফা ১৬ শতাংশ বেড়ে হয়েছে ৩৮০ কোটি ডলার। এ সময় ইপিএস ১ ডলার ৫১ সেন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ ডলার ৮৬ সেন্ট। গত প্রান্তিকে ব্যাংকটি মোট আয় করেছে ২ হাজার ২১০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি।

মুনাফা ও আয় বৃদ্ধির হারে সবচেয়ে এগিয়ে রয়েছে গোল্ডম্যান স্যাকস। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বার্ষিক হারে ব্যাংকটির নিট মুনাফা ৩৭ শতাংশ বেড়ে দঁাড়িয়েছে ৪১০ কোটি ডলারে। অন্যদিকে আয় ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২০ কোটি ডলারে। ইপিএস ৮ ডলার ৪০ সেন্ট থেকে বেড়ে ১২ ডলার ২৫ সেন্টে পৌঁছেছে।

তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, ওয়েলস ফারগোর আয় ৫ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি ডলার। নিট মুনাফা প্রায় ৯ শতাংশ বেড়ে ৫৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। শেয়ারপ্রতি আয় ১ ডলার ৪২ সেন্ট থেকে বেড়ে ১ ডলার ৬৬ সেন্ট হয়েছে।

আরও