তিন প্রান্তিক

মুনাফা থেকে লোকসানে ন্যাশনাল টিউবস

প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস পিএলসি চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি ১ টাকা ৬০ পয়সা লোকসান গুনেছে।

আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭৭ পয়সা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ন্যাশনাল টিউবসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইপিএস হয়েছিল ৪১ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৬ টাকা ২ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩৭ টাকা ৬১ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল টিউবসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩৬ টাকা ২৮ পয়সায়।

ন্যাশনাল টিউবস পিএলসি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৪ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৪৪ কোটি ৩৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৮০৩। এর মধ্যে দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৬ দশমিক ৯৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।

আরও