সুগারবিট আবাদযোগ্য অঞ্চল কমাবে ইউক্রেন

ইউক্রেন চলতি বছর সুগারবিট আবাদযোগ্য জমি ১৭ শতাংশ কমাবে। ফলে এ সময় দেশটিতে চিনি উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে।

ইউক্রেন চলতি বছর সুগারবিট আবাদযোগ্য জমি ১৭ শতাংশ কমাবে। ফলে এ সময় দেশটিতে চিনি উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। এর প্রভাবে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) অন্যান্য দেশে রফতানিও নিম্নমুখী হতে পারে। ইউক্রেনের সুগার ইউনিয়নের প্রধান ইয়ানা কাভুশেভস্কা এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার।

জেনেভায় অনুষ্ঠিত এসঅ্যান্ডপি গ্লোবাল সুগার কনফারেন্সে তিনি জানান, ২০২৫ সালে ইউক্রেনের কৃষকরা ২ লাখ ১০ হাজার হেক্টর জমিতে সুগারবিট চাষ করতে পারেন। ফেব্রুয়ারিতে তিনি ২ লাখ ৩০ হাজার হেক্টরের পূর্বাভাস দিয়েছিলেন। মার্চে ইউক্রেনের ফার্স্ট ডেপুটি ফার্ম মিনিস্টার তারাস ভাইসোতস্কি বলেছিলেন ২ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে সুগারবিট বপন হবে।

ইয়ানা কাভুশেভস্কা বলেন, ‘আবাদ কমার পেছনে প্রধান ভূমিকা পালন করবে আবহাওয়া। এবারের শীতকাল ছিল শুষ্ক। তাই কৃষকরা সূর্যমুখী ও ভুট্টার মতো ফসলের আবাদ বাড়িয়েছেন।’

তিনি জানান, ইউক্রেন এ বছর মাত্র ১৫ লাখ টন চিনি উৎপাদন করবে, গত বছর যা ছিল ১৮ লাখ টন। এ সময় বিশ্ববাজারে রফতানি হবে ১ লাখ ৮০ হাজার ৫১১ টন, যা গত বছরের ৭ লাখ ৪৬ হাজার টনের তুলনায় অনেক কম।

এদিকে ইইউভুক্ত দেশগুলোয়ও রফতানি উল্লেখযোগ্য হারে কমবে। এ বছর মোট রফতানির মাত্র ২৩ শতাংশ বা ২৭ হাজার ২৫৮ টন যাবে ইইউতে, গত বছর যা ছিল মোট রফতানির ৪০ শতাংশ বা ২ লাখ ৯৮ হাজার ৪০০ টন।

আরও