ইউরোজোনের মূল্যস্ফীতি বেড়ে ৩.৩ শতাংশে

সুদহার বাড়ানোর পথে ইসিবি

মূল্যস্ফীতি বাড়ায় আগামী সপ্তাহে ফের সুদহার বাড়াতে পারে ইসিবি। অর্থনীতিবিদদের ধারণা, এবার সুদহার এক-চতুর্থাংশ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হতে পারে।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ইউরোজোনে মূল্যস্ফীতি আরো বেড়েছে। আগস্টে ইউরোপের ২১ দেশের এ জোটে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৩ শতাংশে উঠেছে। জুলাইয়ে এ হার ছিল ২ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে টানা ষষ্ঠ মাস ইউরোজোনের মূল্যস্ফীতি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপর রয়েছে। খবর এফটি।

মূল্যস্ফীতি বাড়ায় আগামী সপ্তাহে ফের সুদহার বাড়াতে পারে ইসিবি। অর্থনীতিবিদদের ধারণা, এবার সুদহার এক-চতুর্থাংশ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হতে পারে। চলতি বছর এটি হবে ইসিবির দ্বিতীয় দফা সুদহার বৃদ্ধি।

ইউরোস্ট্যাটের গতকাল প্রকাশিত প্রাথমিক হিসাব অনুযায়ী, আগস্টের মূল্যস্ফীতি অর্থনীতিবিদদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা আগস্টে মূল্যস্ফীতি ৩ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, মূল্যস্ফীতির প্রধান চাপ এসেছে জ্বালানি খাত থেকে। আগস্টে ইউরোজোনে জ্বালানির দাম এক বছর আগের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। জুলাইয়ে এ খাতে মূল্যবৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ এক মাসে জ্বালানি মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালের শুরুর দিকের ইউরোপীয় জ্বালানি সংকটের পর এটিই জ্বালানির দামের সবচেয়ে দ্রুত বৃদ্ধি।

মুডি’স অ্যানালিটিকসের অর্থনীতিবিদ কামিল কোভার বলেন, ‘আগস্টে শুধু পরিবহন জ্বালানি নয়, গ্যাস ও বিদ্যুতের দামও বেড়েছে। ফলে মূল্যস্ফীতির চাপ আরো বিস্তৃত হয়েছে।’

তিনি জানান, জ্বালানি বাজারে এ চাপের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো বাধাগ্রস্ত। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলোর একটি এ প্রণালি। ফলে সরবরাহ নিয়ে তৈরি উদ্বেগের প্রভাব পড়েছে তেলের বাজারে।

আগস্টের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১৫ শতাংশের বেশি বেড়েছে। দাম ঊর্ধ্বমুখী থাকায় বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির আশঙ্কাও বেড়েছে। এর প্রভাব পড়েছে বন্ড বাজারে। বিভিন্ন দেশের সরকারি বন্ডের ইল্ডও বেড়েছে।

মূল্যস্ফীতির চাপ থাকলেও কিছু ক্ষেত্রে স্বস্তির লক্ষণ দেখা গেছে। ইউরোজোনে খাদ্য ও জ্বালানির মতো অস্থির দামের পণ্য বাদ দিয়ে হিসাব করা মূল মূল্যস্ফীতি বা কোর ইনফ্লেশন আগস্টে কমে ২ দশমিক ৪ শতাংশ হয়েছে, জুলাইয়ে যা ছিল ২ দশমিক ৫ শতাংশ।

এদিকে সুদহার আরো বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। মুডি’স অ্যানালিটিকসের কোভার বলেন, ‘জ্বালানি মূল্যবৃদ্ধির চাপ অব্যাহত থাকলে আগামী ডিসেম্বরেও ইসিবি সুদহার বাড়াতে পারে।’

আরও