তবে কৃষি বিপণন কর্মকর্তাদের মতে, পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে মসলাজাত পণ্যটির দাম বাড়ানো হয়েছে।
গতকাল সাতক্ষীরা জেলার সুলতানপুর বড় বাজারের বিভিন্ন দোকানে আদা বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৩০-১৩৫ টাকা, যা ১৫ দিন আগে ছিল ১১০ টাকা।
ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাস ভোমরা স্থলবন্দর দিয়ে ৯০ হাজার ৭৪৭ টন আদা আমদানি হয়েছে, যার মূল্য ছিল ১ হাজার ৮১ কোটি ৮৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ৮১৫ কোটি ৯০ লাখ টাকার ৬৭ হাজার ৬৩১ টন আদা আমদানি করা হয়েছে। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত আমদানি বেড়েছে ২৩ হাজার ১১৬ টন।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আদার দাম বাড়ার বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পাইকারি ব্যবসায়ীরা দুই সপ্তাহ ধরে পরিবহন খরচ বাড়ার কথা বলে আদার দাম বাড়িয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রকৃত কারণ উদ্ঘাটন করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।