দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর ২০৩২ সাল পর্যন্ত ভারতে ১৫ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৫৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। উৎপাদন সক্ষমতা বাড়ানো, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে এ অর্থ ব্যয় করবে প্রতিষ্ঠানটি। খবর নিক্কেই এশিয়া।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে গত মঙ্গলবার বিনিয়োগ পরিকল্পনার কথা জানায়। এর মাধ্যমে ভারতে গাড়ি উৎপাদন সক্ষমতা বাড়াতে চায় হুন্দাই। পাশাপাশি অন্যান্য উদীয়মান বাজারে গাড়ি রফতানি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। বর্তমানে ভারতে হুন্দাই ও এর সহযোগী প্রতিষ্ঠান কিয়ার কারখানাগুলোর সম্মিলিত বার্ষিক গাড়ি উৎপাদন সক্ষমতা প্রায় ১৪ লাখ।
বিনিয়োগ পরিকল্পনার আওতায় গবেষণা ও উন্নয়নে ৭০ কোটি মিলিয়ন ডলার ব্যয় করবে হুন্দাই। এছাড়া স্থানীয় যন্ত্রাংশ সরবরাহকারীদের উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা ও নতুন ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা দিতেও অর্থ বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
ভারতের গাড়ির বাজার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বৈশ্বিক নির্মাতাদের কাছে। গত মার্চে শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে গাড়ি বিক্রি ৪৭ লাখ ছাড়িয়েছে।
ভারতের বাজারে প্রতিযোগিতা বাড়ার মধ্যে হুন্দাইয়ের নতুন বিনিয়োগের ঘোষণা এল। ২০২৪ সালে দেশটির শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৩৩০ কোটি ডলার সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় গাড়ি নির্মাতা টাটা মোটরস ও মাহিন্দ্রা গ্রুপের কাছে বাজারের হিস্যা হারিয়েছে হুন্দাই।
স্থানীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী গাড়ির নকশা, নিয়মিত নতুন মডেল বাজারে আনা ও স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংগ্রহের কৌশল হুন্দাইকে ভারতে শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে হ্যাচব্যাক ও স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) বিভাগে নতুন মডেল আনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।