সিআইইউ শিক্ষার্থীদের কোটি টাকার বৃত্তি দেবে ইয়ংওয়ান করপোরেশন

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের জন্য ১ কোটি টাকার বৃত্তি ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পপ্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশন।

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের জন্য ১ কোটি টাকার বৃত্তি ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পপ্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশন।

সিআইইউ কর্তৃপক্ষ বলছে, এ স্কলারশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী সুযোগ এনে দিয়েছে।

১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকার এ স্কলারশিপ প্রোগ্রামের সুফল পাবেন সিআইইউর ব্যবসায় অনুষদের বিবিএ প্রোগ্রাম এবং প্রকৌশল অনুষদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা। এ বৃত্তির আওতায় সিআইইউর সামার সেমিস্টারে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাবেন।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্টার্নশিপের সুযোগ, কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং চাকরির নিশ্চয়তা।

গত ফেব্রুয়ারিতে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং ইয়ংওয়ান করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে এ স্কলারশিপ প্রোগ্রাম চালু হয়েছে।

সিআইইউর উপাচার্য অধ্যাপক এমএম নুরুল আবসার বলেন, ‘এ স্কলারশিপ শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং আমাদের শিক্ষার্থীদের গ্লোবাল করপোরেট জগতে প্রবেশের জন্য একটি সেতুবন্ধ হিসেবে কাজ করবে। দেশের উচ্চশিক্ষা খাতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবরেশনেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।’ এ সময় সিআইইউর শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় তিনি ইয়ংওয়ান করপোরেশনকে ধন্যবাদ জানান।

সিআইইউতে সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা হবে আগামী ২৯ এপ্রিল। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সিআইইউ ওয়েবসাইটে অথবা অ্যাডমিশন অফিসে বিস্তারিত তথ্য ও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ২৮ এপ্রিল। —বিজ্ঞপ্তি

আরও