প্রতি বছর অক্টোবর থেকে হিসাব বছর গণনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির মুনাফা ও আয় বেড়েছে। ডিজনি বলছে, দেশীয় থিম পার্ক ও স্ট্রিমিং ব্যবসায় ভালো ফল ও নতুন চুক্তির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে। খবর এপি।
তৃতীয় প্রান্তিকে ডিজনির নিট মুনাফা হয়েছে ৫২৬ কোটি ডলার, যা আগের বছরের একই সময় ছিল ২৬২ কোটি ডলার। এ সময় শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২ ডলার ৯২ সেন্টে। তবে কিছু ব্যয় সমন্বয়ের পর এ আয় দঁাড়ায় শেয়ারপ্রতি ১ ডলার ৬১ সেন্টে, যা বিশ্লেষকদের প্রত্যাশিত ১ ডলার ৪৬ সেন্টের চেয়েও বেশি।
গত প্রান্তিকে ডিজনির আয় হয়েছে ২ হাজার ৩৬৫ কোটি ডলার, যা ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়ে সামান্য কম। স্ট্রিমিং ও বিনোদন খাত থেকে আয় বেড়েছে ১ শতাংশ এবং পার্ক ও ভ্রমণসংক্রান্ত ‘এক্সপেরিয়েন্সেস’ বিভাগে আয় বেড়েছে ৮ শতাংশ। এ সময় ডিজনি প্লাস ও হুলুর মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৩০ লাখ, যা আগের প্রান্তিকের তুলনায় ২৬ লাখ বেশি।
একই সময় স্ট্রিমিং বিভাগে ৩৪ কোটি ৬০ লাখ ডলার মুনাফা করেছে ডিজনি, যেখানে এক বছর আগে ১ কোটি ৯০ লাখ ডলার লোকসান হয়েছিল। এদিকে ২০২৫ অর্থবছরের আয় পূর্বাভাস বাড়িয়ে শেয়ারপ্রতি ৫ ডলার ৮৫ সেন্ট নির্ধারণ করেছে কোম্পানিটি।
নতুন আয় সংস্থানে ডিজনি অধীনস্থ ইএসপিএন সম্প্রতি একটি বড় চুক্তি করেছে ডব্লিউডব্লিউইর সঙ্গে। এতে ২০২৫ সাল থেকে রেসলম্যানিয়া, সামারস্লাম, রয়্যাল রাম্বলের মতো জনপ্রিয় ক্রীড়াভিত্তিক বিনোদন অনুষ্ঠানগুলো ইএসপিএনের নতুন স্ট্রিমিং প্লাটফর্ম ও কিছু কেবল চ্যানেলে সম্প্রচার হবে। পাঁচ বছর মেয়াদি এ চুক্তির আনুমানিক মূল্য ১৬০ কোটি ডলার বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।