পাঁচ বছরে বিশ্বব্যাপী প্রায় ৬ লাখ কোটি ইয়েন (৩ হাজার ৮৫০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপানের ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান নিপ্পন স্টিল। এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর আনাদোলু।
নিপ্পন স্টিল জানিয়েছে, জাপানে আয়ভিত্তি শক্ত করা এবং বিদেশের বাজারে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে মুনাফা বাড়াতেই এ বিনিয়োগ পরিকল্পনা নেয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় মূলধনি ও ব্যবসায়িক খাতে বড় অংকের বিনিয়োগ করা হবে।
জাপানে ইস্পাতের চাহিদা কমে যাওয়ায় উৎপাদন কাঠামো আধুনিক করার দিকে জোর দিচ্ছে নিপ্পন স্টিল। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ব্লাস্ট ফার্নেসের আধুনিকায়নের পরিকল্পনা করেছে। পাশাপাশি কিছু ব্যবসায়িক কার্যক্রমকে আরো দক্ষ করার উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে বিদেশের গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধি বাজারে বিনিয়োগ বাড়ানোর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, বিনিয়োগ পরিকল্পনার কারণে বৈশ্বিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন সক্ষমতা বাড়বে। বর্তমানে যেখানে উৎপাদন সক্ষমতা ৮ কোটি ২০ লাখ টন, তা আগামী দশকের মাঝামাঝি সময়ে কমপক্ষে ১০ কোটি টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে।