চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোয় বিনিয়োগের জন্য দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন। চীনের সাংহাই ও গুয়াংজৌতে ২০-২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকগুলোয় এ আগ্রহ প্রকাশ করেন তারা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিডার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শতাধিক চীনা বিনিয়োগকারী গত ২১ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনারে অংশ নেন। যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বিডা ও বাংলাদেশ দূতাবাস।
এ বিনিয়োগ প্রচার কার্যক্রমের নেতৃত্ব দেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সেমিনারের পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধি দলটি চীনের দুটি শহরে ২৫টিরও বেশি কোম্পানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে। এ সময় বাংলাদেশে নতুন বা সম্প্রসারিত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে প্রাধান্য পায় নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা ও ভোক্তা ইলেকট্রনিকসের মতো খাতগুলো।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘চীনা কোম্পানিগুলোর আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রগতি তুলে ধরা হয়েছে। বিশেষত মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ।’ বাংলাদেশের এসব উদ্যোগ নিয়ে চীনা বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন বলেও জানান তিনি।
বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিনিধি দলের সঙ্গে এ সফরে অংশ নেন সিটিব্যাংক এনএ, ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতিনিধিরা।
বিডা বলছে, এ সফরের মাধ্যমে চীনের বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
পাশাপাশি পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। ফলে এ অঞ্চলে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরো জোরদার করা সম্ভব হবে।