ভারতের সরকারি গুদামে চালের মজুদ সেপ্টেম্বরের শুরুতে রেকর্ড পরিমাণে পৌঁছেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যশস্যটির মজুদ বেড়েছে ১৪ শতাংশের বেশি। এ সময় গমের মজুদও চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় চাল রফতানিকারক দেশ ভারতের রেকর্ড চাল মজুদ দেশটির রফতানি বাড়াতে সহায়ক হবে। অন্যদিকে গমের বাড়তি মজুদের কারণে বাজারে সরবরাহ বাড়াতে পারে ভারত সরকার। এতে বছরের শেষ দিকে সম্ভাব্য হবে মূল্যবৃদ্ধি ঠেকানো সম্ভব বলে মনে করছেন তারা।
তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ভারতে চালের মজুদ দাঁড়িয়েছে ৪ কোটি ৮২ লাখ টনে, যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার (১ কোটি ৩৫ লাখ টন) তুলনায় অনেক বেশি। এ সময় গমের মজুদ দাঁড়িয়েছে ৩ কোটি ৩৩ লাখ টনে। খাদ্যশস্যটি মজুদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি ৭৬ লাখ টন।
এক বৈশ্বিক ট্রেডিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয়াদিল্লিভিত্তিক এক ডিলার বলেন, ‘চালের রফতানি বেড়েই চলেছে। এ বছর ভারত রেকর্ড পরিমাণ চাল রফতানি করতে যাচ্ছে। এছাড়া গত বছরের রেকর্ড ফলনের কারণে গুদামে মজুদও বেশি।’
ভারত বৈশ্বিক চাল রফতানির প্রায় ৪০ শতাংশের জোগান দেয়। চলতি বছরের মার্চে দেশটি চাল রফতানির ওপর থাকা সব ধরনের নিয়ন্ত্রণ তুলে নেয়। রাইস এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, এ বছর ভারতের চাল রফতানি আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়ে ২ কোটি ২৫ লাখ টনে পৌঁছতে পারে।