যুক্তরাষ্ট্র থেকে চীনে রফতানি বন্ধ করছে জিএম

যুক্তরাষ্ট্র থেকে চীনে গাড়ি রফতানি বন্ধ করতে যাচ্ছে মার্কিন অটো জায়ান্ট জেনারেল মোটরস (জিএম)।

যুক্তরাষ্ট্র থেকে চীনে গাড়ি রফতানি বন্ধ করতে যাচ্ছে মার্কিন অটো জায়ান্ট জেনারেল মোটরস (জিএম)। সম্প্রতি চীনে রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত কর্মী ও ডিলারদের এ তথ্য অবহিত করেছে কোম্পানিটি। খবর রয়টার্স।

এমন সময় জিএম পদক্ষেপটি নিচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক এবং বাণিজ্যসংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি উভয় দেশে পরস্পরের ওপর আরোপিত শুল্ক ১০০ শতাংশীয় পয়েন্টের বেশি সাময়িকভাবে স্থগিত করেছে। এতে ভবিষ্যৎ আলোচনার কার্যকারিতা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মূলত ডুরান্ট গিল্ড নামের প্রিমিয়াম আমদানি ব্যবসার মাধ্যমে চীনে গাড়ি পাঠাত জিএম। কোম্পানির এক মুখপাত্র জানান, এটি চীনে তাদের মোট বিক্রির মাত্র দশমিক ১ শতাংশের কম প্রতিনিধিত্ব করত।

চীনে জিএমের বিক্রি হওয়া বেশির ভাগ গাড়িই স্থানীয়ভাবে যৌথ উদ্যোগের মাধ্যমে উৎপাদিত। এসব গাড়িই এশিয়ার বৃহত্তম অর্থনীতিতে জিএমের ব্যবসার মূল ভিত্তি।

এক বিবৃতিতে জিএমের মুখপাত্র জানান, অর্থনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসায় ডুরান্ট গিল্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে জিএম। সে অনুযায়ী চীনের কার্যক্রমকে আরো কার্যকরভাবে সাজানো হচ্ছে।

অবশ্য মার্কিন কোম্পানির চীনে গাড়ি রফতানি স্থগিতের পদক্ষেপ এই প্রথম নয়। গত মাসে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ফোর্ড মোটর দেশটিতে গাড়ি পাঠানো স্থগিত করেছে।

আরও