জ্বালানি তেলের চাহিদা দৈনিক সর্বোচ্চ ১৫ লাখ ব্যারেল বাড়ার পূর্বাভাস রাশিয়ার

বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চলতি বছর দৈনিক গড়ে ১০-১৫ লাখ ব্যারেল পর্যন্ত বাড়তে পারে।

বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চলতি বছর দৈনিক গড়ে ১০-১৫ লাখ ব্যারেল পর্যন্ত বাড়তে পারে। বুধবার রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি। খবর রয়টার্স।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাহিদা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছি। প্রতি বছরই জ্বালানি তেল ব্যবহারের হার বাড়ছে। বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী থাকায় সামনের দিনগুলোয় জ্বালানি সম্পদের চাহিদাও বাড়বে।’

নোভাকের দেয়া পূর্বাভাস ওপেকের (পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা) সাম্প্রতিক প্রত্যাশার কাছাকাছি। সংগঠনটি চলতি বছর জ্বালানি তেলের চাহিদা দৈনিক গড়ে ১৪ লাখ ৫০ হাজার ব্যারেল বাড়ার পূর্বাভাস দিয়েছিল।

কিছু বিশেষজ্ঞ ও গবেষণা প্রতিষ্ঠান মনে করছে, ২০২৫ সালে বৈশ্বিক বাজারে অতিরিক্ত জ্বালানি তেলের সরবরাহ তৈরি হতে পারে। এর পেছনে ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্রের উত্তোলন বৃদ্ধি ও নিম্নমুখী চাহিদা।

তবে নোভাক বলেন, ‘‌বর্তমানে বাজার পরিস্থিতি স্থিতিশীল। এর পরও ওপেক প্লাস তা পর্যবেক্ষণ করবে। কারণ সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষা করাটা জরুরি।’

এদিকে চার সূত্র জানায়, ওপেক প্লাস মে মাসেও জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনায় অটল থাকতে পারে। কারণ বর্তমানে পণ্যটির দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। এছাড়া অতিরিক্ত উত্তোলনের জন্য কিছু সদস্য দেশকে তা আবার কমাতে বাধ্য করার পরিকল্পনা রয়েছে।

আরও