বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চীনের শিল্পোৎপাদনের প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় তামার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে, যদিও দেশটির সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি এক বছরের মধ্যে সবচেয়ে কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
সাংহাই ফিউচার এক্সচেঞ্জে গতকাল তামার দাম ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে টনপ্রতি ৮৫ হাজার ৭৯০ ইউয়ানে (প্রায় ১২ হাজার ৪১ ডলার) পৌঁছেছে। এ সময় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি ১০ হাজার ৭১৭ ডলারে লেনদেন হয়।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস প্রকাশিত তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বরে দেশটির শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এটি আগের মাসের ৫ দশমিক ২ শতাংশ থেকে বেশি এবং তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চীনের বাজারের ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল।