দুই বছরের মন্দা কাটিয়ে প্রবৃদ্ধিতে ফিরল জার্মানি

দীর্ঘ কয়েক বছরের অর্থনৈতিক মন্দা ও স্থবিরতা কাটিয়ে অবশেষে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানি।

দীর্ঘ কয়েক বছরের অর্থনৈতিক মন্দা ও স্থবিরতা কাটিয়ে অবশেষে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানি। ২০২২ সালের পর ২০২৫ সালে দেশটির জিডিপি বেড়েছে। জার্মান কেন্দ্রীয় ব্যাংক বুন্দেসব্যাংকের তথ্যানুযায়ী, ২০২২ সালের শেষ দিক থেকেই দেশটি মন্দার কবলে ছিল। তবে সে সংকট কাটিয়ে গত বছর জার্মানির অর্থনীতি দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। খবর এফটি।

জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাসের সঙ্গে মিলেছে গত বছরের প্রবৃদ্ধির হার। অর্থনীতিবিদরা আশা করছেন, চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জের নেতৃত্বাধীন সরকারের নেয়া বড় বিনিয়োগ পরিকল্পনা চলতি বছর প্রবৃদ্ধির গতি আরো বৃদ্ধিতে ভূমিকা রাখবে। অবকাঠামো ও প্রতিরক্ষা খাতের উন্নয়নে বর্তমানে কয়েক বিলিয়ন ইউরো বাড়তি ব্যয়ের পরিকল্পনা বাস্তবায়ন করছে জার্মান সরকার।

২০২৫ সালে সাধারণ ভোক্তা ও সরকারি ব্যয় বাড়লেও বেসরকারি খাতের বিনিয়োগে মন্দা লক্ষ করা গেছে। এছাড়া জার্মানির রফতানি আয় টানা তিন বছরের মতো কমেছে, যা সামগ্রিক প্রবৃদ্ধির গতিকে কিছুটা কমিয়েছে। বিশেষ করে দেশটির অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত উৎপাদন খাতে টানা তিন বছর উৎপাদন কমেছে। বড় ধরনের লোকসানের মুখে পড়েছে অটোমোবাইল ও ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানিগুলো।

জার্মানির ফেডারেল পরিসংখ্যান অফিসের প্রেসিডেন্ট রুথ ব্র্যান্ড রফতানি খাতের দুরবস্থার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কনীতি, ইউরোর বিনিময় হার বৃদ্ধি ও চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতার কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছেন রফতানিকারকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে জার্মানির পণ্য রফতানি ৭ দশমিক ৮ শতাংশ কমেছে এবং গাড়ি বিক্রিতে বড় ধস নেমেছে।

প্রবৃদ্ধির ধারায় ফিরলেও জার্মানির ডেকাব্যাংকের প্রধান অর্থনীতিবিদ উলরিখ কেটার সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘২০২৫ সাল ছিল জার্মানির জন্য আরো একটি হারানোর বছর। আমাদের সামনে এখন ঐতিহাসিকভাবে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে।’

বুন্দেসব্যাংক জানিয়েছে, ২০২২ সালের শেষ থেকে দেশটি স্পষ্ট মন্দার মধ্যে ছিল। যদিও ২০২৬ সালে জার্মানি দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। থিংকট্যাংক আইএমকের একাডেমিক ডিরেক্টর সেবাস্টিয়ান ডুলিয়েন বলেন, ‘‌২০২৬ সালে জার্মানি মন্দা থেকে পুরোপুরি বের হতে পারবে, তবে প্রবৃদ্ধির গতি কিছুটা মন্থর থাকবে।’

২০২৫ সালে জার্মানির বাজেট ঘাটতি ৮০০ কোটি ইউরো কমে ১০ হাজার ৭০০ কোটি ইউরোয় নেমেছে। এটি দেশটির জিডিপির ২ দশমিক ৪ শতাংশ। তবে বুন্দেসব্যাংক সতর্ক করেছে চলতি বছর এ ঘাটতি বেড়ে জিডিপির ৩ দশমিক ৯ শতাংশে পৌঁছতে পারে।

আরও