মার্কিন কোম্পানিগুলোকে গ্যাস ব্লক দেয়ার পরিকল্পনা ইরাকের

জ্বালানি তেল ও গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে চাইছে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য ইরাক।

জ্বালানি তেল ও গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে চাইছে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য ইরাক। এর অংশ হিসেবে মার্কিন কোম্পানিগুলোকে নিজেদের ভূখণ্ডে গ্যাস অনুসন্ধানের সুযোগ দেয়ার পরিকল্পনা করছে সংগঠনটির দ্বিতীয় বৃহত্তম তেল উত্তোলক। খবর দ্য ন্যাশনাল। 

ইরাকের তেলমন্ত্রী হায়ান আবদেল ঘানি শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন। ওই সময় মার্কিন কোম্পানিগুলোকে এ প্রস্তাব দেয়া হবে বলে জানানো হয়েছে। 

সম্প্রতি আবদেল ঘানি ইরাকি একটি সংবাদ সংস্থাকে বলেন, ‘বিশেষায়িত কোম্পানিগুলোকে এ বিনিয়োগের সুযোগ দেয়ার পরিকল্পনা করেছে তেল মন্ত্রণালয়। এ লক্ষ্যে আমরা শিগগিরই যুক্তরাষ্ট্রে সফর করব। বহুজাতিক আমেরিকান প্রতিষ্ঠানগুলোকে এ বিনিয়োগের সুযোগ দেয়ার পরিকল্পনা করছি।’

ইরাকের তেল মন্ত্রণালয় সর্বশেষ ধাপে অন্তত ১০টি ব্লক বিনিয়োগের জন্য প্রস্তুত করেছে। তবে কোনো কোম্পানি এখনো গ্যাস অনুসন্ধান বা বিনিয়োগে আগ্রহ দেখায়নি। প্রসঙ্গত, ব্লক একটি নির্ধারিত ভূমি বা সমুদ্রের এলাকাকে বোঝায়, যা প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও উন্নয়নের কাজে ব্যবহার হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এ পদক্ষেপ বিদেশী বিনিয়োগ আকর্ষণ ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ইরাকের তেল ও গ্যাস খাতকে উন্নত করার কৌশল। 

ইরাক মোট ছয় ধাপে ২৯টি ব্লক ও তেলক্ষেত্র অনুসন্ধানের জন্য নির্বাচন করেছে। এর মধ্যে ১৪টির জন্য চুক্তি চূড়ান্ত করা হয়েছে। ঘানি বলছেন, ইরাক দক্ষিণে আল ফাইহা তেলক্ষেত্রে একটি নতুন গ্যাস প্রকল্প শুরু করবে। এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন সাড়ে ১২ কোটি কিউবিক মিটার গ্যাস উৎপাদন হবে। ফলে দেশের জ্বালানি শক্তি অবকাঠামো আরো উন্নত হবে। আবদেল ঘানি আরো জানান, মন্ত্রণালয় তেল বা গ্যাস অনুসন্ধানের জন্য এরই মধ্যে একটি কূপ খনন শুরু করেছে।

আরও