বিশ্ববাজারে স্বর্ণের দর তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে। শক্তিশালী মার্কিন ডলার ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কায় দরপতন হয়েছে মূল্যবান ধাতুটির। গতকাল প্রতিবেদনটি লেখা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২৩ দলার ৫৯ সেন্টে নেমেছে। গত ৭ আগস্টের পর এটিই সর্বনিম্ন দর। খবর রয়টার্স।
অন্যদিকে মার্কিন ফিউচার বাজারে আগামী ডিসেম্বরের চুক্তিতে স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭০ ডলার ৪০ সেন্টে বিক্রি হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন করে সাময়িক উত্তেজনা জ্বালানি তেলের বাজারে প্রভাব ফেলেছে। ফলে জ্বালানি তেলের দাম পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে ওঠায় মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার ফের বাড়াতে পারে এমন আভাস দিয়েছেন নীতিনির্ধারকরা।
সুদহার বাড়লে সাধারণত স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। এ আশঙ্কায় আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের মান দুই সপ্তাহের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। ডলার শক্তিশালী হওয়ায় বিদেশী ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরো ব্যয়বহুল হয়ে পড়েছে।
স্বর্ণের পাশাপাশি গতকাল বাজারে স্পট রুপার দাম দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৬৪ ডলার ৪ সেন্টে দাঁড়িয়েছে।