সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে গতকাল বেড়েছে তামার দাম। পাশাপাশি বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। সুদহার কমানো হলে শিল্প খাতে তামার চাহিদা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার।
সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে গতকাল তামার দাম দশমিক ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে টনপ্রতি ৮৯ হাজার ২১০ ইউয়ানে (১২ হাজার ৬৩০ ডলার ৭৯ সেন্ট)। টানা আটদিন ধরে দাম বেড়েছে ধাতুটির।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম গতকাল পৌঁছেছে টনপ্রতি ১১ হাজার ২৪৯ ডলারে। এটি আগের দিনের তুলনায় দশমিক ৯৩ শতাংশ বেশি।
যুক্তরাজ্যভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান সাকডেন ফাইন্যান্সিয়ালের বিশ্লেষকরা বলেন, বিনিয়োগকারীরা এখন ফেডের সুদহার কমানোর অপেক্ষায় রয়েছেন। তাদের এ প্রত্যাশার বিপরীত ঘটলে ধাতুর বাজারে অস্থিরতা দেখা দেবে।
সাংহাই ও লন্ডনের বাজারে গতকাল অ্যালুমিনিয়াম, দস্তা, সিসা, নিকেল ও টিনের বাজারদর ঊর্ধ্বমুখী ছিল।