ট্রাফিক মামলার জরিমানা (ফাইন) এখন বিকাশ অ্যাপ ও দেশজুড়ে সাড়ে তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট থেকে পরিশোধ করা যাচ্ছে। কমিউনিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সব ধরনের ট্রাফিক মামলার জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
জানা যায়, বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘পে বিল’ অপশনে গিয়ে ‘সরকারি ফি’ বিভাগে অথবা সার্চ বারে ‘ট্রাফিক ফাইন’ লিখে সেবাটি নির্বাচন করতে হবে। এরপর মামলার স্লিপে থাকা নির্দিষ্ট কেস নম্বর দিলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানার পরিমাণ দেখা যাবে। তথ্য যাচাই শেষে বিকাশ পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করলেই জরিমানা পরিশোধ হবে।
পেমেন্ট সম্পন্ন হলে গ্রাহকের মোবাইলে এসএমএস ও অ্যাপ নোটিফিকেশন যাবে। নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে ডিজিটাল রিসিট ডাউনলোড করা যাবে, যা দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে জব্দকৃত নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেয়া সম্ভব হবে।
অ্যাপের পাশাপাশি বিকাশের যেকোনো এজেন্ট পয়েন্ট থেকেও এ সেবা নেয়া যাবে। এজন্য এজেন্টকে মামলার কেস আইডি ও মোবাইল নম্বর জানাতে হবে। জরিমানা পরিশোধের পর এজেন্টের কাছ থেকেই ডিজিটাল রিসিট পাবেন গ্রাহকরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ট্রাফিক আইন অমান্যজনিত মামলার জরিমানা সহজে পরিশোধ ও দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের অন্যতম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’। ২০১১ সালে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন এলএলসির যৌথ উদ্যোগে এমএফএস প্রতিষ্ঠানটি যাত্রা করে।