ইপিবির পর্ষদ সভা সিদ্ধান্ত

পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম

বিদেশী ক্রেতা বা দর্শনার্থীর আকর্ষণ কমে যাওয়া ও মেলার আন্তর্জাতিক ব্র্যান্ড ইমেজ দুর্বল হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে ঢাকা বাণিজ্যমেলা (ডিটিএফ) রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিদেশী ক্রেতা বা দর্শনার্থীর আকর্ষণ কমে যাওয়া ও মেলার আন্তর্জাতিক ব্র্যান্ড ইমেজ দুর্বল হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে ঢাকা বাণিজ্যমেলা (ডিটিএফ) রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এ সিদ্ধান্ত হয়। রাজধানীর কারওয়ান বাজারে ইপিবির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (রফতানি) আব্দুর রহিম খান, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান তানভীর রহমান উপস্থিত ছিলেন।

সভায় ইপিবির ব্যবস্থাপনায় আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশগ্রহণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২৭ অর্থবছরের আংশিক মেলা ক্যালেন্ডারে অনুমোদন দেয়া হয়। এ সময় দেশের বাইরে আয়োজিত মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘প্রত্যেকটি মেলা সম্পর্কে আমাদের একটি বিশ্লেষণ থাকা দরকার। যেখানে আমাদের দেশের পণ্যের বাজার সম্প্রসারণ প্রয়োজন, সেখানে কার্যকরভাবে অংশগ্রহণ করতে হবে। শুধু অংশগ্রহণ নয়, যাতে দেশের উন্নতি হয়, ব্যবসা বৃদ্ধি পায় সেদিকে মনোযোগ দিতে হবে।’

সভায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে ঢাকা বাণিজ্যমেলা (ডিটিএফ) করার সিদ্ধান্ত নেয়া হয়। কারণ হিসেবে বলা হয়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ১৯৯৫ সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক ও দেশীয় ক্রেতা-বিক্রেতাদের সমন্বয়ে আয়োজনের উদ্দেশ্যে শুরু হয়েছিল। লক্ষ্য ছিল বিদেশী প্রতিষ্ঠানগুলো সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং স্থানীয় বাজারের সঙ্গে পরিচিতি ঘটানো। কিন্তু বাস্তবে অনেক বিদেশী প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধি দলের মাধ্যমে অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছে। ফলে পণ্য ও সেবার মান যাচাই করা যাচ্ছে না, অনেক সময় মানহীন বা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিদেশী ব্র্যান্ডের নামে প্রদর্শন করা হচ্ছে।

আরও