বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলার উদ্বোধন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’। গতকাল বিকালে তেজগাঁওস্থ বিসিক ভবনে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী এ মেলা উদ্বোধন করেন।

এসময় তিনি বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পকে আধুনিক প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক বাজারে দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের অবস্থান সুদৃঢ় করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দেন।

দেশের ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বয়ন, রং করা, জুতা তৈরি ও কারুশিল্পসহ ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্প একসময় গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সমন্বয় করে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

বিশেষভাবে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল গোটের চামড়ার আন্তর্জাতিক স্বীকৃতির কথা উল্লেখ করে সঠিক নীতি, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের উন্নয়ন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং ভোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে উদ্যোক্তাদের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে বিসিক এ মেলার আয়োজন করেছে। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের মানসম্পন্ন ও বৈচিত্র্যময় চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি বিসিক নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মেলায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।

১৬ সেপ্টেম্বর শুরু হওয়া মেলা শেষ হবে ২০ সেপ্টেম্বর। মেলায় মোট ৪৯টি স্টলের মধ্যে ৪৩টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যোক্তা এবং ৫টি স্টলে খাদ্য ও খাদ্যজাত পণ্যের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। বিসিক নকশা কেন্দ্র থেকে চামড়াজাত পণ্যের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি ঐতিহ্যবাহী হাজারীবাগের উদ্যোক্তারাও মেলায় অংশ নিচ্ছেন।— সংবাদ বিজ্ঞপ্তি

আরও