সাবমেরিন কেবলসের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় সামান্য কমলেও নিট মুনাফা বেড়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে কোম্পানিটি।

তথ্যানুসারে সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় হয়েছে ৩৯৬ কোটি ৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৯৮ কোটি ৫৫ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির আয় কমেছে ২ কোটি ৪৫ লাখ টাকা বা দশমিক ৬২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সাবমেরিন কেবলসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৫ কোটি ৯৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৮২ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বাংলাদেশ সাবমেরিন কেবলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৭৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ নভেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সাবমেরিন কেবলসের ইপিএস হয়েছে ১১ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ১৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৩ টাকা ৬ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সাবমেরিন কেবলসের ইপিএস হয়েছে ১৫ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ১৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৫ টাকা ৫ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সাবমেরিন কেবলসের ইপিএস হয়েছে ১৫ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬৬ পয়সায়।

বাংলাদেশ সাবমেরিন কেবলসের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৭৫ কোটি ২৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৮৪৩। এর ৭৬ দশমিক ৯৪ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ২৬, বিদেশী বিনিয়োগকারী ১ দশমিক ২২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে।

আরও