খারাপ আবহাওয়ায় ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়েছে

প্রধান উৎপাদন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ায় ফলন বাধাগ্রস্ত হওয়ায় ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়েছে।

প্রধান উৎপাদন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ায় ফলন বাধাগ্রস্ত হওয়ায় ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়েছে। যদিও শীর্ষ ভোক্তা দেশ চীনে টায়ার উৎপাদনের কাঁচামাল হিসেবে রাবারের চাহিদা কমেছে, তবু সরবরাহ সংশ্লিষ্ট উদ্বেগ বাজারে প্রভাব ফেলেছে। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) নভেম্বরে সরবরাহ চুক্তিতে রাবারের দাম ১ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে কেজিপ্রতি ২৯৭ ইয়েনে (২ ডলার ৫ সেন্ট) পৌঁছেছে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে দাম দশমিক ২৯ শতাংশ বেড়ে টনপ্রতি দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৭০ ইউয়ানে (১ হাজার ৯৩১ ডলার ৪৩ সেন্ট)।

এছাড়া এসএইচএফইতে জুলাইয়ে সরবরাহ চুক্তিতে বুডাটিন রাবারের দাম দশমিক ৪৪ শতাংশ বেড়ে টনপ্রতি পৌঁছায় ১১ হাজার ৪৮৫ ইউয়ানে (১ হাজার ৫৯৯ ডলার ৩১ সেন্ট)।

ব্রোকার প্রতিষ্ঠান এভারব্রাইট ফিউচারস জানিয়েছে, মৌসুমের শুরুতেই অতিরিক্ত বৃষ্টিপাতে রাবারের কাঁচামাল উত্তোলনে সমস্যা দেখা দিচ্ছে। থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ ২০-২৩ জুনের মধ্যে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করেছে, যা ফসলের ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছে তারা।

এদিকে জাপানের নিক্কেই সূচকও মঙ্গলবার চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

অন্যদিকে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। ইরান-ইসরায়েল উত্তেজনায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণত প্রাকৃতিক রাবারের দাম জ্বালানি তেলের দামের সঙ্গে ওঠানামা করে। কারণ এটি অপরিশোধিত জ্বালানি তেল থেকে তৈরি সিনথেটিক রাবারের সঙ্গে প্রতিযোগিতায় থাকে।

আরও