ইউরো অঞ্চলের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে জেপি মরগান

গোল্ডম্যান স্যাকসের মতোই ইউরো অঞ্চলের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে বাড়িয়েছে জেপি মরগান।

গোল্ডম্যান স্যাকসের মতোই ইউরো অঞ্চলের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে বাড়িয়েছে জেপি মরগান। মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান দুটির মতে, জার্মানিতে আর্থিক শিথিলীকরণের প্রভাব পড়বে ২০২৫ সালের প্রবৃদ্ধিতে। খবর রয়টার্স।

গোল্ডম্যান স্যাকসের মতো জেপি মরগান আশা করছে, অঞ্চলটিতে প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের তুলনায় দশমিক ১ শতাংশীয় পয়েন্ট বেড়ে দশমিক ৮ শতাংশ হবে। ২০২৬ সালের জন্য ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে জেপি মরগান, যা আগে দেয়া পূর্বাভাসের তুলনায় দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট বেশি।

এ বিষয়ে এক বিবৃতিতে জেপি মরগানের অর্থনীতিবিদরা বলেছেন, এ সংশোধনীর মূল চালিকাশক্তি জার্মানি। তবে আমরা এ অঞ্চলের বাকি অংশে কিছুটা শক্তিশালী প্রবৃদ্ধির প্রত্যাশা করছি, যা জার্মানির অর্থনৈতিক উন্নতির প্রভাব বা স্পিলওভার এবং কিছুটা শিথিল আর্থিক নীতির কারণে হবে।

প্রতিরক্ষা ও অবকাঠামো ব্যয়ে ট্রিলিয়ন ইউরো তহবিলের মতো আর্থিক সংস্কারে সম্প্রতি সম্মত হয়েছে জার্মানির নতুন সরকার গঠনের জন্য আলোচনায় থাকা পক্ষগুলো। যার ফলে অঞ্চলজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির অনিশ্চয়তা আগামী মাসগুলোয় ইউরো অঞ্চলের প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছে জেপি মরগান। সেই সঙ্গে চলতি ও পরবর্তী বছরগুলোয় উচ্চ মূল্যস্ফীতির পূর্বাভাসও দিয়েছে।

এদিকে জুনের পর থেকে ষষ্ঠবারের মতো গত সপ্তাহে আমানতের ওপর সুদহার কমিয়ে ২ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। বিষয়টি সামনে রেখে বাণিজ্যযুদ্ধ ও প্রতিরক্ষা ব্যয়বৃদ্ধি মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছে জেপি মরগান। প্রতিষ্ঠানটি বলেছে, এপ্রিলে ইসিবি আবারো সুদহার কমাবে এমনটা আশা করা যাচ্ছে না। তিন দফা সুদহার কমানোর পূর্বাভাস থাকলেও এখন মনে হচ্ছে শুধু জুন ও সেপ্টেম্বরে কাটছাঁট হবে।

আরও