গভর্নরের সঙ্গে রিহ্যাবের বৈঠক

আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নে আসছে বন্ডভিত্তিক ব্যবস্থা

আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।

এটি বাস্তবায়ন হলে আবাসনে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়বে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ নেয়া আরো সহজ হবে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য স্বল্পসুদে ও সহজ শর্তে গৃহঋণ চালু করা গেলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের নিজস্ব আবাসনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। একই সঙ্গে আবাসন খাতের মাধ্যমে দেশের অর্থনীতিও আরো গতিশীল হবে।’

জবাবে মোস্তাকুর রহমান বলেন, ‘দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়ন হলে আবাসন খাতে অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এএফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. মো. হারুন অর রশিদ ও পরিচালক তাসনোভা মাহবুব সালাম উপস্থিত ছিলেন।

আরও