অনুকূল আবহাওয়ার প্রভাবে ২০২৫-২৬ বিপণন বর্ষে জিম্বাবুয়ের ভুট্টা উৎপাদন দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বিপণন বর্ষে জিম্বাবুয়ের ভুট্টা উৎপাদন ১৩ লাখ টনে পৌঁছতে পারে। আগের বছর খরার কারণে উৎপাদন হয়েছিল মাত্র ৬ লাখ ৩৫ হাজার টন। এবার উৎপাদন ভালো হওয়ার পেছনে বিপণন বর্ষের শেষার্ধে অনুকূল আবহাওয়া পরিস্থিতি অবদান রাখতে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
উৎপাদন বাড়ায় ২০২৫-২৬ বিপণন বর্ষে জিম্বাবুয়ের ভুট্টা আমদানি ৩ লাখ টন কমে ১০ লাখ টনে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে এফএএস। তবে দেশটির মোট চাহিদা ২২ লাখ টন ছাড়িয়ে যাবে, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। এছাড়া এ সময় দেশটির ভুট্টায় রফতানি সক্ষমতা দাঁড়াবে ১৫ লাখ টনে।
তবে উৎপাদন বাড়লেও কৃষকরা এখনো নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। জিম্বাবুয়ের ভুট্টা চাষের ৬০ শতাংশ জমি কমিউনাল বা ক্ষুদ্র কৃষকদের হাতে। কিন্তু তারা মোট উৎপাদনের ৪০ শতাংশেরও কম সরবরাহ করেন। কারণ বেশির ভাগ কৃষকেরই সেচ সুবিধা নেই। ফলে ৯০ শতাংশের বেশি ভুট্টা উৎপাদনই বৃষ্টির ওপর নির্ভরশীল। এছাড়া জ্বালানি তেল ও সারের মতো কৃষি উপকরণের উচ্চমূল্য উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।