জুনে ভারতে পাম অয়েল আমদানি বেড়েছে ৬১%

ভারতে জুনে পাম অয়েল আমদানি ১১ মাসের সর্বোচ্চে পৌঁছেছে।

ভারতে জুনে পাম অয়েল আমদানি ১১ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির অভ্যন্তরীণ মজুদ কমে যাওয়া এবং সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের তুলনায় দাম কম থাকায় পরিশোধনকারীদের কাছে এ সময় পাম অয়েলের চাহিদা বেশি ছিল। সংশ্লিষ্ট পাঁচজন ডিলার এ তথ্য জানিয়েছেন। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

ডিলারদের প্রাথমিক হিসাব অনুযায়ী, জুনে ভারতের পাম অয়েল আমদানি আগের মাসের তুলনায় ৬১ শতাংশ বেড়ে ৯ লাখ ৫৩ হাজার টনে পৌঁছেছে, যা ২০২৪ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।

এ বিষয়ে সানভিন গ্রুপের সিইও সন্দীপ বাজোরিয়া বলেন, ‘এর আগে অন্যান্য ভোজ্যতেলের তুলনায় পাম অয়েল বেচাকেনা কমে গিয়েছিল। কিন্তু বর্তমানে অন্যান্য ভোজ্যতেলের তুলনায় পাম অয়েলের দাম টনপ্রতি প্রায় ১০০ ডলার সস্তা। এ কারণে গত মাস থেকে ভোজ্যতেলটি আবারো হারানো বাজার হিস্যা পুনরুদ্ধার করতে শুরু করেছে।’

বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারত। বিশ্লেষকরা জানিয়েছেন, দেশটির এ ঊর্ধ্বমুখী আমদানি প্রবণতায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো শীর্ষ উৎপাদনকারী দেশগুলোয় মজুদ কমে যেতে পারে। এ পরিস্থিতিতে বাড়তে পারে মালয়েশীয় পাম অয়েলের দাম।

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএ) তথ্যানুযায়ী, ভারত চলতি বিপণন বর্ষের (অক্টোবরে শেষ হবে) প্রথম সাত মাসে গড়ে ৪ লাখ ৭৫ হাজার ৬৯৯ টন পাম অয়েল আমদানি করেছে। গত বিপণন বর্ষে মাস ভিত্তিতে গড়ে সাড়ে সাত লাখ টনের বেশি পাম অয়েল আমদানি করেছিল দেশটি।

ডিলাররা আরো জানায়, জুনে ভারতের সয়াবিন তেল আমদানি ৯ শতাংশ কমে ৩ লাখ ৬৩ হাজার টনে নেমে এসেছে। এ সময় সূর্যমুখী তেলের আমদানি বেড়েছে ১৮ শতাংশ। মোট আমদানি পৌঁছেছে ২ লাখ ১৬ হাজার টনে।

পাম অয়েল ও সূর্যমুখী তেলের বেশি আমদানির কারণে জুনে ভারতের মোট ভোজ্যতেল আমদানি আগের মাসের তুলনায় ৩০ শতাংশ বেড়ে ১৫ লাখ ৩০ হাজার টনে পৌঁছেছে, যা নভেম্বরের পর সর্বোচ্চ।

জিজিএন রিসার্চের ম্যানেজিং পার্টনার রাজেশ প্যাটেল জানিয়েছেন, মূল উৎপাদনকারী দেশগুলোয় উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে পাম অয়েলের দাম তুলনামূলক কম থাকায় আগামী মাসগুলোয়ও পাম অয়েলের আমদানিতে শক্তিশালী ধারা বজায় থাকবে।

উল্লেখ্য, ভারত মূলত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি করে। এছাড়া আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া ও ইউক্রেন থেকে সয়াবিন তেল ও সূর্যমুখী তেল সবচেয়ে বেশি আমদানি করে দেশটি।

আরও