বিএসটিআইয়ের ক্যালিব্রেশন ফি কমল

সম্প্রতি অনুষ্ঠিত বিএসটিআইয়ের ৪১তম কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি হ্রাসকৃত ফি কার্যকর করেছে।

শিল্পখাতে মানসম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ দিতে ও সেবাগ্রহীতাদের দাবি অনুযায়ী ক্যালিব্রেশন ফি কমিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটির ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরির ছয়টি স্বীকৃত ল্যাবরেটরিতে ক্যালিব্রেশন সেবার মূল্য অর্ধেকেরও কম করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিএসটিআইয়ের ৪১তম কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি হ্রাসকৃত ফি কার্যকর করেছে।

এর ফলে শিল্পকারখানা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি এবং এলপিজি-এলএনজি বটলিং প্লান্টসহ নানা প্রতিষ্ঠান এখন আগের চেয়ে কম খরচে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যালিব্রেশন সেবা নিতে পারবে।

বিএসটিআই জানিয়েছে, স্বীকৃত ছয়টি ল্যাবরেটরির মধ্যে মাস মেজারমেন্ট ল্যাবে ওজনযন্ত্র ও বাটখারা, লেন্থ ও ডাইমেনশন ল্যাবে মিটার স্কেল, মেজারিং টেপ, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার্স, থিকনেস গেজ ও গেজ ব্লক, ভলিউম মেজারমেন্ট ল্যাবে ভলিউমেট্রিক মেজার্স, গ্লাসওয়্যার ও মাইক্রোপিপেট, টেম্পারেচার মেজারমেন্ট ল্যাবে থার্মোমিটার, ওভেন, ফার্নেস, অটোক্লেভ, ইনকিউবেটর, হাইগ্রোমিটার ও ডাটালগার, ফোর্স ও প্রেসার ল্যাবে প্রেসার গেজ ও রক্তচাপ মাপার যন্ত্র এবং ইলেকট্রিক্যাল, টাইম ও ফ্রিকোয়েন্সি ল্যাবে স্টপওয়াচ, টাইমার, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্টেন্স, ওহমমিটার, ক্যাপাসিটেন্স, ওয়াটমিটার ও ক্ল্যাম্পমিটার কম খরচে পরীক্ষা করা যাচ্ছে।

বিএসটিআইয়ের মতে, ক্যালিব্রেশন ফি হ্রাসের ফলে দেশের শিল্প, গবেষণা ও সেবা খাত আন্তর্জাতিক মানের ক্যালিব্রেশন সেবা নিতে আরো উৎসাহী হবে। এতে দেশে উৎপাদিত পণ্যের মান বাড়বে এবং ভোক্তাদের স্বার্থ আরো ভালোভাবে রক্ষা হবে।

আরও