এআই অবকাঠামো তৈরিতে এনভিডিয়া-ওয়াল স্ট্রিটের ৫০০ বিলিয়ন ডলারের উদ্যোগ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এর জন্য প্রয়োজনীয় অবকাঠামোর চাহিদা।

এআই মডেল চালাতে বিপুল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন হয়। তাই বিশ্বজুড়ে ডেটা সেন্টার, শক্তিশালী চিপ ও চিপ তৈরির কারখানার চাহিদা বাড়ছে। এসব অবকাঠামো তৈরিতে এবার বড় পরিমাণের অর্থ বিনিয়োগ করছে ওয়াল স্ট্রিটের কোম্পানিগুলো। খবর বিবিসি।

এআই চিপ নির্মাতা এনভিডিয়া যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ৫০০ বিলিয়ন ডলার মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এআই অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হবে এ অর্থ। এর মধ্যে এনভিডিয়ার নিজস্ব প্রকল্প যেমন থাকবে, তেমনি কোম্পানিটির অংশীদারদের প্রকল্পও থাকবে।

এনভিডিয়া জানায়, এ উদ্যোগে অংশ নিয়েছে অ্যাপোলো, ব্ল্যাকরক, ব্ল্যাকস্টোন, ব্রুকফিল্ড, গোল্ডম্যান স্যাকস ও কেকেআরের মতো ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে এআইয়ের হার্ডওয়্যার ও অবকাঠামোকে নতুন একটি সম্পদশ্রেণী হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ এতদিন যেসব বিনিয়োগকারী অবকাঠামো, রিয়েল এস্টেট বা অন্যান্য সম্পদে বিনিয়োগ করতেন, তারা এখন এআই কম্পিউটিং অবকাঠামোকেও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ হিসেবে বিবেচনা করছেন।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বলেন, ‘এআইয়ের ক্ষেত্রে কম্পিউটিং ক্ষমতাই রাজস্ব তৈরির ভিত্তি। এআই অবকাঠামোয় বিনিয়োগের জন্য বিশ্বের বড় দীর্ঘমেয়াদি মূলধন সরবরাহকারীদের এক জায়গায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’

নতুন এ তহবিলের অর্থ দিয়ে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণ করা হবে বলে জানায় এনভিডিয়া। এসব ডেটা সেন্টারে হাজার হাজার কম্পিউটার চিপ বসানো হবে। এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য এসব চিপ বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করবে। চিপগুলো চালু রাখতে ও অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে রাখতে বড় ধরনের শীতলীকরণ ব্যবস্থাও প্রয়োজন হবে।

শুধু ডেটা সেন্টার নয়, এআই চিপ তৈরির নতুন কারখানায়ও অর্থায়ন হতে পারে। এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে শক্তিশালী চিপের চাহিদা বাড়ছে। সে চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতা বাড়ানোও জরুরি হয়ে পড়েছে। ফলে নতুন অর্থায়নের বড় একটি অংশ এআই চিপ উৎপাদন ও সরবরাহ বাড়ানোর কাজে যেতে পারে।

এনভিডিয়ার চিপ বর্তমানে বিশ্বের প্রায় সব বড় প্রযুক্তি ও এআই কোম্পানির গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ। গুগল, মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, স্পেসএক্স, টেসলা, ওপেনএআই ও অ্যানথ্রোপিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এআই সেবা ও প্লাটফর্ম পরিচালনায় এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ ব্যবহার করে।

এআই খাতের দ্রুত সম্প্রসারণের কারণে এসব কোম্পানির অবকাঠামো ব্যয়ও দ্রুত বাড়ছে। নথি অনুযায়ী, গত তিন বছরে এসব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এআই প্রকল্প ও অবকাঠামোয় ১ ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। সামনে এ ব্যয় আরো বাড়ার প্রত্যাশা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এআই অবকাঠামোয় বিপুল ব্যয়ের বড় সুবিধাভোগী হয়েছে এনভিডিয়া। এআইয়ের জন্য প্রয়োজনীয় জিপিইউয়ের চাহিদা বাড়ায় গত তিন বছরে শেয়ারবাজারে কোম্পানিটির মূল্য প্রায় পাঁচ গুণ বেড়েছে। এআই খাতের অবকাঠামো সম্প্রসারণে এনভিডিয়ার ভূমিকা এখন শুধু চিপ সরবরাহকারীর মধ্যে সীমাবদ্ধ নেই। কোম্পানিটি নিজেও এআই অবকাঠামো তৈরির বড় অংশীদার হিসেবে সামনে আসছে।

এনভিডিয়ার সিইও হুয়াং জানান, চিপ নির্মাতা হিসেবে কাজ করাই ছিল কোম্পানিটির শুরু। এখন নতুন ধরনের উৎপাদনশীল ও বিনিয়োগযোগ্য অবকাঠামো তৈরিতে সহায়তা করছে এনভিডিয়া। তিনি এসব অবকাঠামোকে ‘এআই ফ্যাক্টরি’ হিসেবে উল্লেখ করেন।

এআই ফ্যাক্টরি বলতে মূলত এমন ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামোকে বোঝানো হয়, যেখানে বিপুলসংখ্যক চিপ একসঙ্গে কাজ করে। এসব অবকাঠামো এআই মডেল প্রশিক্ষণ, তথ্য বিশ্লেষণ ও এআই-ভিত্তিক সেবা চালানোর জন্য প্রয়োজনীয় কম্পিউটিং ক্ষমতা সরবরাহ করে।

বিশ্লেষকরা বলছেন, ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগকারীরা এ খাতে অর্থায়নে এগিয়ে আসায় এআই অবকাঠামো নির্মাণে অর্থের জোগান আরো বাড়বে। এনভিডিয়ার সঙ্গে অংশীদার হওয়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নতুন প্রকল্পে ঋণ ও বিনিয়োগ পাওয়া সহজ হতে পারে। ফলে এআই খাতে চলমান বড় বিনিয়োগের গতি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাপোলোর প্রেসিডেন্ট জিম জেল্টারও কম্পিউটিং অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেছেন। তার মতে, আধুনিক কম্পিউটিং এখন একটি দুর্লভ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদশ্রেণী। একই সঙ্গে এটি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে এআই অবকাঠামোয় বিপুল অর্থ ঢালার ঝুঁকিও রয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে।

বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রাথবোনসের জ্যেষ্ঠ বিনিয়োগ ব্যবস্থাপক জেন সিনডেনহ্যাম বলেন, ‘এআইয়ের জন্য এনভিডিয়ার চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে এ চিপের সরবরাহ বাড়ানো দরকার।’

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এআই অবকাঠামোয় যে পরিমাণ অর্থ ঢালা হচ্ছে, এসব প্রকল্প ভবিষ্যতে সে অনুপাতে মুনাফা দিতে পারবে কিনা।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, এনভিডিয়ার সঙ্গে ওয়াল স্ট্রিটের নতুন উদ্যোগ এআই খাতের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একদিকে এআই অবকাঠামোয় আরো অর্থ আসবে। অন্যদিকে চিপ, ডেটা সেন্টার ও কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

তবে বিনিয়োগের পাশাপাশি মুনাফার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। এআইয়ের চাহিদা কতটা দীর্ঘস্থায়ী হবে এবং নতুন অবকাঠামো থেকে বিনিয়োগকারীরা কতটা আয় করতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ এআই খাতে এরই মধ্যে বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে। সামনে আরো বড় বিনিয়োগের প্রস্তুতি চলছে।

আরও