ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় সপ্তাহের মতো বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম। গত সপ্তাহজুড়ে ভোজ্যতেলটির মূল্যবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৩৪ শতাংশ। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।
তবে গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে মালয়েশীয় পাম অয়েলের দাম দশমিক ৯৮ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৬ রিংগিতে (প্রায় ১ হাজার ৭৬ ডলার ৭৪ সেন্ট)।
কুয়ালালামপুরভিত্তিক ট্রেডিং ফার্ম আইসবার্গ এক্সের ডেভিড এনজি জানান, মালয়েশীয় পাম অয়েল বোর্ডের (এমপিওবি) প্রতিবেদনে দেখা গেছে, মালয়েশীয় পাম অয়েলের মজুদ প্রত্যাশার তুলনায় বেশি বেড়েছে। এ কারণে ভোজ্যতেলটির দামে খুব বেশি ঊর্ধ্বমুখিতা দেখা যায়নি। তবে ইন্দোনেশিয়ার বি৫০ বায়োডিজেল পরিকল্পনা দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। দেশটি জানিয়েছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে এ পরিকল্পনা কার্যকর হবে, যা দেশের ডিজেল আমদানির প্রয়োজনীয়তা প্রায় পুরোপুরি দূর করবে। এ পরিকল্পনার জন্য ৫৩ লাখ টন অতিরিক্ত অপরিশোধিত পাম অয়েলের প্রয়োজন হবে।