বর্তমানে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ব্যাংকের তথ্যানুসারে, বর্তমানে আস্থা অ্যাপে প্রতি মাসে গড়ে ২৪ হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে, যা ব্যাংকটির মোট ডিজিটাল লেনদেনের ৫০ শতাংশেরও বেশি। প্রযুক্তি, গ্রাহকসেবা ও নিরাপদ ডিজিটাল অবকাঠামোয় ধারাবাহিক বিনিয়োগের ফলে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
গত দুই বছরে প্লাটফর্মটিতে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য বেড়েছে। ২০২৩ সালে যেখানে লেনদেন ছিল ৭৩ হাজার কোটি টাকা, ২০২৫ সালে তা তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার কোটি টাকায়। একই সময়ে বার্ষিক লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় ৫ কোটিতে পৌঁছেছে, যা দুই বছর আগের তুলনায় তিন গুণ।
ডিজিটাল প্লাটফর্ম সম্প্রসারণের ফলে দৃশ্যমান আর্থিক সাফল্যও এসেছে। ২০২৫ সালে আস্থা অ্যাপের মাধ্যমে ৪ হাজার ৭০০ কোটি টাকার বেশি আমানত সংগ্রহ করেছে ব্র্যাক ব্যাংক। এর মধ্যে ৪ হাজার ৬০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিট এবং প্রায় ১১০ কোটি টাকা ডিপিএস। পাশাপাশি ডিজিটাল ঋণ বিতরণ দাঁড়িয়েছে ৬১২ কোটি টাকায়, যার মধ্যে ৪০ শতাংশ ঋণ গ্রাহকরা সেলফ-সার্ভিস প্রক্রিয়ায় গ্রহণ করেছেন।
বর্তমানে ব্যাংকটির মোট সার্ভিস ইন্টারঅ্যাকশনের প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হচ্ছে সেল্ফ-সার্ভিসের মাধ্যমে। গ্রাহকরা অ্যাপ থেকেই এনপিএসবি বিরোধ নিষ্পত্তি, যোগাযোগ তথ্য হালনাগাদ, সার্ভিস রিকোয়েস্ট ও টিআইএন আপডেটের মতো সেবা গ্রহণ করতে পারছেন, ফলে শাখায় যাওয়ার প্রয়োজন কমছে।
ডিজিটাল ইনসাইটস অ্যান্ড অ্যানালিটিকস প্রতিষ্ঠান অরবিটএক্স পরিচালিত এক গবেষণায় দেশে শীর্ষ ব্যাংকিং অ্যাপগুলোর ৫০ হাজার ব্যবহারকারীর পর্যালোচনা বিশ্লেষণ করে দেখা গেছে, আস্থা অ্যাপের প্রায় ৮০ শতাংশ রিভিউ ইতিবাচক। প্লাটফর্মটি ইকোসিস্টেম সম্প্রসারণে ২০২৫ সালে একাধিক নতুন সেবা ও ফিচার যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে মেটলাইফের সঙ্গে অংশীদারত্বে মাইক্রোইন্স্যুরেন্স, ব্যাংকের ডিজিটাল প্লাটফর্মগুলোর মধ্যে সিঙ্গেল সাইন-অন ইন্টিগ্রেশন ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে অংশীদারত্বে পুঁজিবাজারে বিনিয়োগ সুবিধা।
এছাড়া সপ্তাহে সাতদিন ও দিনে ২৪ ঘণ্টা এসএমই ঋণ গ্রহণসেবা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ন্যাশনাল কিউআর কম্প্যাটিবিলিটি ও বিকাশ কিউআর ইন্টিগ্রেশন যুক্ত হওয়ায় পেমেন্ট সিস্টেম আরো সহজ, দ্রুত ও নিরাপদ হয়েছে।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তারেক রেফাত উল্লাহ বলেন, ‘আমাদের আস্থা অ্যাপ যে পরিসরে বড় হচ্ছে, তা গ্রাহকদের নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি বাড়তে থাকা আস্থারই প্রতিফলন। একই সঙ্গে আমরা মনে করি, এটি দীর্ঘ যাত্রার ছোট একটি মাইলফলক মাত্র। সামনে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য “আস্থা”কে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য, সহজ ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্মে রূপান্তর করা, যেখানে নিরাপত্তা ও সেবার মানের সঙ্গে থাকবে প্রযুক্তিগত উৎকর্ষ।’