জানুয়ারি-মার্চ

মুনাফা বেড়েছে শীর্ষ তিন মার্কিন ব্যাংকের

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন ব্যাংক জেপি মরগান চেজ, ওয়েলস ফার্গো ও মরগান স্ট্যানলি।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন ব্যাংক জেপি মরগান চেজ, ওয়েলস ফার্গো ও মরগান স্ট্যানলি। সেখানে দেখা যাচ্ছে, ২০২৪ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে মুনাফা অর্জন করেছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে মূল্যস্ফীতি, বাণিজ্য নীতি ও বৈশ্বিক অস্থিরতার কারণে বাড়তে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা। খবর আনাদোলু।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগানের দেয়া তথ্যানুসারে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির আয় ৮ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৫৩০ কোটি ডলার। এ সময় নিট মুনাফা ৯ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৪৬০ কোটি ডলার। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ ডলার ৭ সেন্ট, যা আগের বছর ছিল ৪ ডলার ৪৪ সেন্ট।

আর্থিক প্রতিবেদন প্রকাশকালে ভূরাজনৈতিক উত্তেজনা, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, উচ্চ রাজস্ব ঘাটতি ও সম্পদমূল্যের অস্থিরতা কোম্পানির মুনাফায় বিশেষভাবে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন জেপি মরগান চেজের প্রধান নির্বাহী জেমি ডাইমন। তিনি বলেন, ‘বৈশ্বিক ও স্থানীয় উভয় অর্থনীতি বর্তমানে উল্লেখযোগ্য অস্থিরতার মুখে রয়েছে।’ সঙ্গে এও জানান, ভবিষ্যতে ভালো কিছু আশা করলেও যেকোনো ঝুঁকির জন্য প্রস্তুত রয়েছে ব্যাংকটি। কর সংস্কার ও নিয়ন্ত্রণ শিথিলকরণের সম্ভাব্য ইতিবাচক প্রভাবের কথাও উল্লেখ করেন তিনি।

তিন ব্যাংকের মধ্যে প্রথম প্রান্তিকে শুধু ওয়েলস ফার্গোর আয় কমেছে। গত প্রান্তিকে ব্যাংকটির আয় ৩ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৫ কোটি ডলার। তবে নিট মুনাফা ৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৮৯ কোটি ডলার। ২০২৪ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের ইপিএস ১ ডলার ২০ সেন্ট থেকে বেড়ে হয়েছে ১ ডলার ৩৯ সেন্ট।

ওয়েলস ফার্গোর প্রধান নির্বাহী চার্লি শার্ফ তার মন্তব্যে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন জানান। তার মতে, শুল্কনীতি যুক্তরাষ্ট্রের ন্যায্য বাণিজ্যের পথে বাধা সরাতে কাজ করছে। এমন পদক্ষেপের কিছু ঝুঁকিও রয়েছে। ব্যাংকটির কাছে অর্থনৈতিক ধীরগতি প্রত্যাশিত। তবে নীতিগত পরিবর্তন ও পরবর্তী পরিস্থিতির ওপর চূড়ান্ত চিত্র নির্ভর করবে বলে মন্তব্য করেন চার্লি শার্ফ।

মার্কিন প্রধান তিন ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে মরগান স্ট্যানলি। জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১৭ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৭৭০ কোটি ডলার। একই সময়ে নিট মুনাফা ২৬ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ৪৩০ কোটি ডলার। ব্যাংকটির ইপিএস আগের বছরের ২ ডলার ২ সেন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ ডলার ৬০ সেন্ট।

আরও