এপ্রিল-সেপ্টেম্বর

ট্রাম্পের শুল্কে হোন্ডার মুনাফা কমেছে ৩৭ শতাংশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে জাপানি গাড়ি নির্মাতা হোন্ডা মোটর কোম্পানির মুনাফা কমেছে উল্লেখযোগ্য হারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে জাপানি গাড়ি নির্মাতা হোন্ডা মোটর কোম্পানির মুনাফা কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) কোম্পানিটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৩৭ শতাংশ। খবর জাপান টুডে।

কোম্পানিটি জানিয়েছে, এপ্রিল-সেপ্টেম্বরে হোন্ডার নিট মুনাফা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৮০ কোটি ইয়েনে (প্রায় ২০০ কোটি ডলার), যা আগের বছরের ৪৯ হাজার ৪৬০ কোটি ইয়েনের চেয়ে কম। ছয় মাসে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৬০ হাজার কোটি ইয়েনে (প্রায় ৬ হাজার ৯০০ কোটি ডলার)। এটি আগের বছরের একই সময়ের প্রায় ১০ লাখ ৮০ হাজার কোটি ইয়েন থেকে ১ দশমিক ৫ শতাংশ কম।

হোন্ডা জানিয়েছে, মুদ্রা বিনিময় হারের অস্থিতিশীলতাও কোম্পানিটির মুনাফায় বড় প্রভাব ফেলেছে। এতে ছয় মাসে পরিচালন মুনাফা থেকে বাদ পড়েছে ১১ হাজার ৬০০ কোটি ইয়েন (প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার)।

তবে মোটরসাইকেল বিক্রিতে রেকর্ড গড়েছে কোম্পানিটি। এশিয়া অঞ্চলে (ভিয়েতনাম বাদে) মোটরসাইকেল বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ৯০ লাখ ইউনিটে, যা এক বছর আগে ছিল ৮৮ লাখ ইউনিট। বৈশ্বিক মোটরসাইকেল বিক্রির পরিমাণ ১ কোটি ৭ হাজার ইউনিট, যা হোন্ডার সর্বোচ্চ বিক্রি।

হোন্ডার বৈশ্বিক গাড়ি বিক্রি কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৮০ হাজার ইউনিটে, যা আগের বছরের ১৭ লাখ ৮০ হাজার ইউনিট থেকে কম। উত্তর আমেরিকায় গাড়ি বিক্রি কিছুটা বাড়লেও কমেছে জাপান, ইউরোপ ও এশিয়ার অন্যান্য অঞ্চলে।

হোন্ডা জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের কারণে ছয় মাসে পরিচালন মুনাফা কমেছে ১৬ হাজার ৪০০ কোটি ইয়েন (প্রায় ১১০ কোটি ডলার)।

আরও