বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‘দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি’- এ স্লোগানের আলোকে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টায় সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক মালেকা বানু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

জাতীয় সংগীত পরিবেশন করেন ঢাকা মহানগর কমিটির সদস্য সৈয়দা রত্না ও মাধবী বণিক এবং রোকেয়া সদনের তত্ত্বাবধায়ক অশ্রু ভট্টাচার্য।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ দুটি একই সময়ে, একই সঙ্গে হাত ধরাধরি করে চলছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নারীর চেতনার যে জাগরণ ঘটেছিল তাকে কেন্দ্র করে গড়ে ওঠে বাংলাদেশ মহিলা পরিষদ। মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের সঙ্গে সঙ্গে নারীর শক্তি সংগঠিত হয়েছে, নারী আন্দোলন অগ্রসর হয়েছে ও বাংলাদেশের অগ্রগতির প্রতিটি পর্যায়ে নারীর অবদান দৃশ্যমান হয়েছে ঠিকই। তবে একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় যেমন সংকট তৈরি হয়েছে, তেমনি নারীর জীবনে চলার ক্ষেত্রেও অনেক সংকট তৈরি হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, যেকোনো সংকটকে মোকাবেলা করার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য ধরে এগোতে হয় এবং সে লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করতে হয়।

তিনি বলেন, সমাজে মানবাধিকার যতদিন প্রতিষ্ঠা না হবে, ততদিন মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে সঙ্গে নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও চলতে থাকবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নারীর সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমরা আমাদের সংগঠনে সুফিয়া কামাল, হেনা দাস, মনোরমা বসু ও আয়শা খানমের নেতৃত্ব পেয়েছি যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর এ আনন্দঘন দিনে আমরা স্মরণ করি আমাদের বাংলাদেশের তৃণমূলের সকল মা-বোনদের, যারা অক্লান্ত পরিশ্রম করে, নানা ত্যাগ স্বীকার করে আজকে মহিলা পরিষদকে এ জায়গায় পৌঁছে দিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতা, সম্পাদক, ঢাকার কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম। -বিজ্ঞপ্তি

আরও