২০৩০ সাল নাগাদ বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার ৩৭ শতাংশ পর্যন্ত নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা সম্ভব। তবে এজন্য যে বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন তা নিশ্চিত করতে দেশের ব্যাংক খাতকে আরো তৎপর হতে হবে। ঢাকায় গতকাল ‘বাংলাদেশে নবায়নযোগ্য শক্তিতে অর্থায়নের ধারা’ শীর্ষক এক কর্মশালায় এ অভিমত দেন অংশগ্রহণকারীরা। বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে এ কর্মশালায় ব্যাংক খাত ও সোলার এনার্জি কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রেক্ষাপটপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘নবায়নযোগ্য শক্তির বড় প্রকল্পে অর্থায়নে দেশের ব্যাংক ও এনবিএফআইগুলোর সক্ষমতার অভাব রয়েছে। তবে তুলনামূলক ছোট প্রকল্পে অর্থায়নের যে সম্ভাবনা রয়েছে সেটিও পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না।’—বিজ্ঞপ্তি