২০২৫-২৬ বিপণন বর্ষের প্রথম প্রান্তিক

এক দশকের সর্বনিম্নে যুক্তরাষ্ট্রের সয়াবিন রফতানি

২০২৫-২৬ বিপণন বর্ষের প্রথম প্রান্তিকে (সেপ্টেম্বর-নভেম্বর) যুক্তরাষ্ট্রের সয়াবিন রফতানি এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমেছে।

২০২৫-২৬ বিপণন বর্ষের প্রথম প্রান্তিকে (সেপ্টেম্বর-নভেম্বর) যুক্তরাষ্ট্রের সয়াবিন রফতানি এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমেছে। দেশটির কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্রেইন ট্রান্সপোর্টেশন রিপোর্ট (জিটিআর) অনুযায়ী, এ সময়ে রফতানির উদ্দেশ্যে মার্কিন সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে পরিদর্শিত ও যাচাইকৃত সয়াবিনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ টনে, যা আগের পাঁচ বছরের গড়ের তুলনায় ৪৬ শতাংশ কম। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

সাধারণত প্রতি বছর অক্টোবর ও নভেম্বরে যুক্তরাষ্ট্রের সয়াবিন রফতানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। কারণ এ সময়ে দক্ষিণ আমেরিকার সয়াবিনের তুলনায় দাম প্রতিযোগিতামূলক থাকে। তবে চলতি মৌসুমে সে ধারা ব্যাহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সয়াবিনের সবচেয়ে বড় ক্রেতা দেশ চীন চলতি মৌসুমে বাণিজ্য বিরোধের কারণে অক্টোবরের শেষ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা শুরু করেনি। এমনকি চীনে প্রথম সয়াবিন চালান পাঠানো হয় নভেম্বরের শেষ দিকে। ইউএসডিএর ফেডারেল গ্রেইন ইন্সপেকশন সার্ভিসের (এফজিআইএস) তথ্যানুযায়ী, প্রথম প্রান্তিকে চীন মাত্র ৪৯ হাজার টন সয়াবিন গ্রহণ করেছে।

সামগ্রিকভাবে ২০২৫-২৬ বিপণন বর্ষের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের সয়াবিন রফতানি কমলেও অঞ্চলভেদে চিত্র ভিন্ন ছিল। মিসিসিপি গালফ অঞ্চল থেকে রফতানি হয়েছে ৭৬ লাখ টন, যা গড়ের তুলনায় ৩৫ শতাংশ কম। অন্যদিকে প্যাসিফিক নর্থওয়েস্ট (পিএনডব্লিউ) অঞ্চল থেকে রফতানি নেমে এসেছে মাত্র সাত লাখ টনে, যা গড়ের তুলনায় ৯০ শতাংশ কম। এ সময় পিএনডব্লিউ টার্মিনাল থেকে সয়াবিন রফতানিতে ব্যবহৃত জাহাজের সংখ্যা ছিল মাত্র ১৩, যা ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে ছিল ৯৪টি।

আরও