আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া ও প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থান তথ্যের কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া ও প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থান তথ্যের কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে সুদহার কমাতে পারে, এমন প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৯ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৬১৭ ডলার ৭৬ সেন্টে। এদিন লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম আউন্সপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ৬২২ ডলার ৭ সেন্টে পৌঁছে।

চলতি বছরের এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৩৮ শতাংশ বেড়েছে। এর আগে ২০২৪ সালে মূল্যবান ধাতুটির দাম বেড়েছিল ২৭ শতাংশ। সে সময় দাম বাড়ার পেছনেও ডলারের বিনিময় হার কমে যাওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া ও ভূরাজনৈতিক অস্থিরতা মূল ভূমিকা রেখেছিল।

গত সপ্তাহে ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের অনেকেই ইঙ্গিত দিয়েছেন, এ মুহূর্তে ফেডের সুদহার কমানোর সিদ্ধান্তে বড় প্রভাবক হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান পরিস্থিতি। আগস্টে দেশটিতে কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে কমেছে। এ সময় বেকারত্বের হার বেড়ে প্রায় চার বছরের সর্বোচ্চ ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী সপ্তাহে ফেডের ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা ৯০ শতাংশে দাঁড়িয়েছে।

সুইসকোট ব্যাংকের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ‘সুদহার কমার প্রত্যাশার কারণে স্বর্ণের চাহিদা বাড়ছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী ক্রয়ও মূল্যবান ধাতুটির দাম বাড়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।’

ইউসিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো জানান, আগামী বছরের মধ্যভাগে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৭০০ ডলারে পৌঁছতে পারে।

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের তথ্য ও ফেডের সুদহার সিদ্ধান্তে এর সম্ভাব্য প্রভাব, মার্কিন সরকারি বন্ডের ইল্ড, মুদ্রাবাজারে ডলারের পারফরম্যান্স এবং অপ্রাতিষ্ঠানিক মজুরি পরিসংখ্যানে দুর্বলতার আশঙ্কা স্বল্পমেয়াদে স্বর্ণের আউন্সপ্রতি মূল্যকে ৩ হাজার ৬৫০ ডলারের কাছাকাছি ঠেলে নিয়ে যেতে পারে বলে মনে করছেন ডেনমার্কভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান স্যাক্সো ব্যাংকের হেড অব কমোডিটি স্ট্র্যাটেজি ওলে হ্যানসেন।

স্পট মার্কেটে গতকাল রুপার দাম বেড়ে আউন্সপ্রতি ৪১ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। এ সময় প্লাটিনামের বাজারদর পৌঁছেছে ১ হাজার ৩৯৩ ডলারে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি। এছাড়া প্যালাডিয়াম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ১৩০ ডলারে লেনদেন হয়েছে।

আরও