দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী ছিল। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৭১ শতাংশ। পাশাপাশি দৈনিক গড় লেনদেন কমেছে ২১ দশমিক ৩২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ২২২ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৩৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে সামান্য কমে ১ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ২৫০টির আর অপরিবর্তিত ছিল ৪৫টির দর। এছাড়া লেনদেন হয়নি ১৭টির।
গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ব্যাংক, যমুনা অয়েল ও একমি ল্যাবরেটরিজের শেয়ার। ডিএসইতে গত সপ্তাহে চার কার্যদিবসে মোট ১ হাজার ১৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৪৯২ কোটি টাকা।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। ১০ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। এছাড়া ১০ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর বিবিধ খাতের দখলে ছিল ৭ দশমিক ৬ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে খাদ্য ও আনুষঙ্গিক, বিবিধ, চামড়া এবং তথ্যপ্রযুক্তি খাতে ইতিবাচক রিটার্ন এসেছে। এসব খাতে রিটার্ন এসেছে যথাক্রমে ১ দশমিক ৫, দশমিক ৫, দশমিক ৪ ও দশমিক ৩ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল আর্থিক প্রতিষ্ঠান, কাগজ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত। এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ৩ দশমিক ৬, ২ দশমিক ৩ ও ২ শতাংশ।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৬০ শতাংশ কমে ১৪ হাজার ৪৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৫২৩ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৫৬ শতাংশ কমে ৮ হাজার ৭৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৮৪৪ পয়েন্ট।
সিএসইতে গত সপ্তাহে ৩৮ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৪৫ কোটি ৮৯ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৭২টির আর অপরিবর্তিত ছিল ৪০টির বাজারদর।